সংবাদপত্রের স্বাধীনতাকে গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তি হিসেবে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বের প্রতিটি প্রান্তে সংবাদমাধ্যমের স্বাধীনতা আক্রমণের মুখে রয়েছে। তবে সত্যের পক্ষে দাঁড়ানো সাংবাদিকের পাশে সারা বিশ্ব দাঁড়িয়ে আছে বলেও উল্লেখ করেছেন তিনি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বার্তায় গত মঙ্গলবার এসব কথা বলেন।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধনীতে জাতিসংঘ মহাসচিবের ভিডিও বার্তাটি প্রচার করা হয়। বার্তায় আন্তোনিও গুতেরেস বলেন, দিনটি একটি মৌলিক সত্য তুলে ধরে আমাদের সব স্বাধীনতা নির্ভর করে সংবাদপত্রের স্বাধীনতার ওপর। সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তি। সংবাদপত্রের স্বাধীনতাকে ‘মানবাধিকারের প্রাণশক্তি’ বলে অভিহিত করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, তবে বিশ্বের প্রতিটি কোণে সংবাদপত্রের স্বাধীনতা আক্রমণের মুখে রয়েছে।
তিনি বলেন, সংবাদমাধ্যমকর্মীদের সুরক্ষায় এবং তাদের ওপর হওয়া অন্যায়ের দায়মুক্তির প্রবণতার ইতি টানতে ১০ বছর আগে জাতিসংঘ প্ল্যান অব অ্যাকশন অন দ্য সেফটি অব জার্নালিস্ট বা সাংবাদিকদের নিরাপত্তায় কর্মপরিকল্পনা প্রণয়ন করে।
সাংবাদিকরা প্রতিনিয়ত হয়রানি, ভয়ভীতি, আটক ও কারারুদ্ধ হচ্ছেন বলে উল্লেখ করে তিনি বিশ্বকে এক সুরে কথা বলার আহ্বান জানান। আন্তোনিও গুতেরেস বলেন, হুমকি ও হামলা বন্ধ করুন। সাংবাদিকদের তাদের কাজের জন্য আটক ও কারারুদ্ধ করা বন্ধ করুন।
