বাংলাদেশের সম্প্রীতির মেলবন্ধন নজির সৃষ্টি করেছে: আইজিপি

আপডেট : ০৪ মে ২০২৩, ১২:৪১ পিএম

বাংলাদেশে সম্প্রীতির যে মেলবন্ধন তা সারা বিশ্বে নজির সৃষ্টি করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, প্রতিবছর যখনই কোনো উৎসবের আয়োজন হয় তখন প্রতিটি উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করার এবং নিরাপত্তার নির্দেশনা দিয়ে থাকেন। সে নির্দেশনার আলোকে আমরা বাংলাদেশের সব ধর্মের সব বর্ণের লোক এক সঙ্গে উৎসব পালন করি।

গ্লোবাল টেররিজম ইনডেক্সে (জিটিআই) বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি। জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি নিয়েছেন, তার ফলে আজকে আমরা দায়িত্ব পালন করে এই অবস্থায় এসেছি।

জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ শীর্ষ স্থানীয় সাফল্য অর্জন করে উল্লেখ করে আইজিপি বলেন, এদেশের মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে। যার ফলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পেয়েছি। পাশাপাশি সব বাহিনী এক সঙ্গে কাজ করেছি। এর ফলে আমরা আজকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছি।

রোহিঙ্গা ইস্যু এবং পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডের বিষয় পুলিশ কী ধরনের অবস্থানে আছে- সাংবাদিকদের এমন প্রশ্নে পুলিশ প্রধান বলেন, যখনই কোথাও কোনো ঘটনা সংঘটিত হচ্ছে তখনই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং প্রতিটি ঘটনায়ই আমাদের সাফল্য রয়েছে।

‘হঠাৎ করে কোনো একটা ক্রাইম রাইস করে’ জানিয়ে তিনি বলেন, ক্রমান্বয়ে এ সব অপরাধ ধীরে ধীরে কমে আসছে। আমাদের যা ব্যবস্থা নেওয়ার তা আমরা নিয়েছি। কিছুটা বেড়েছিল কিন্তু আবার নিয়ন্ত্রণে চলে এসেছে।

অপরাধী যেই হোক তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের মহাপরিদর্শক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত