ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এ ছাড়া এ ঘটনায় আরও ৪৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার থেকে স্থানীয় কর্তৃপক্ষ শহরটিতে ৫৮ ঘন্টার কারফিউ ঘোষণার পরপরই এ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া।
বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, খেরসন শহর ও এর আশপাশের এলাকায় আবাসিক ভবন ও রেল স্টেশনসহ বহু স্থাপনা লক্ষ্য করে বুধবার রাশিয়ার হামলা ও গুলিবর্ষণে ২১ জন বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক টেলিগ্রামে জেলেনস্কি জানান, “এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছে এবং ৪৮ জন আহত হয়েছে। এরা সবাই বেসামরিক নাগরিক।“
খেরসন থেকে আল জাজিরার সাংবাদিক তামের আল-সামাদি বলেন, ক্ষেপণাস্ত্র হামলা শহরের একটি হাইপারমার্কেটে আঘাত করে, এতে কর্মী এবং গ্রাহক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরো বলেন "ঘটনাস্থলে গোলাবর্ষণ করা হয়েছিল এবং এর ফলে পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে," এ ছাড়া খেরসন শহরের ওই হাইপারমার্কেটের বাইরে মাটিতে রক্ত এবং ধ্বংসাবশেষের স্তূপ পড়ে আছে বলেও জানান ঘটনাস্থলে থাকা আল-সামাদি।
এছাড়া একটি রেলস্টেশনে গোলাবর্ষণের ঘটনায়ও প্রাণহানির ঘটনা ঘটে।
রাশিয়া গত সেপ্টেম্বরে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছিল তার মধ্যে একটি হচ্ছে খেরসন। তবে এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করা রাশিয়া বরাবরই ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে এসেছে।
