২ বছরের সাজা থেকে বাঁচতে ১৭ বছর ধরে পলাতক

আপডেট : ০৪ মে ২০২৩, ০৬:০৩ পিএম

নারায়ণগঞ্জে আদালত কর্তৃক ২ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ১৭ বছর ধরে পলাতক থাকার পর এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার (০৪ মে) ফতুল্লা থানার হাজিগঞ্জ ঈশাখা রোড এলাকা থেকে পলাতক সুমন মিয়া (৪২) কে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০০৬ সালের আগস্ট মাসে পঞ্চবটি এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় ফতুল্লা থানা পুলিশের কাছে গ্রেপ্তার হন সুমন। পরবর্তীতে ফতুল্লা থানায় তার বিরূদ্ধে ১টি মাদক মামলা হয়। মামলা দায়েরের পর আসামি সুমন জামিন নিয়ে পলিয়ে যান। দীর্ঘ ১৭ বছর যাবৎ তিনি দেশের বিভিন্ন স্থানে কৌশলে পালিয়ে ছিলেন।

আদালত গত বছরের ২৫ জুলাই আসামি সুমনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে গোয়েন্দা নজরদারি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব তাকে গ্রেপ্তারে সক্ষম হয়।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত