নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপিত

আপডেট : ০৫ মে ২০২৩, ০২:৪০ এএম

পূজা, প্রার্থনা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রাসহ নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উদযাপন করেছে।

‘জগতের সব প্রাণী সুখী হোক’ এ অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা।

রাজধানীসহ সারা দেশের বিহারগুলোতে দিনের শুরুতে শান্তি শোভাযাত্রা, বৌদ্ধ মঠ ও মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্বালন, পূজা ও প্রার্থনা এবং ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন  দিনব্যাপী  কর্মসূচি পালন করে। সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বৌদ্ধ সম্প্রদায়ের উপসংঘরাজ শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথের, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সকালে জাতীয় জাদুঘরের সামনে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত