৫ সিটির নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা জাপার

আপডেট : ০৫ মে ২০২৩, ০২:৪২ এএম

দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের গণমাধ্যমের সামনে এ তালিকা ঘোষণা করেন।

জাপার প্রার্থীরা হচ্ছেন- গাজীপুর সিটি করপোরেশনে এম এম নিয়াজউদ্দিন। তিনি সাবেক সচিব, গাজীপুর মহানগর জাপার সভাপতি ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা। রাজশাহী সিটি করপোরেশনে মো. সাইফুল ইসলাম স্বপন। তিনি রাজশাহী মহানগর জাপার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। খুলনা সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম মধু। তিনি খুলনা জেলা জাপার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। বরিশাল সিটি করপোরেশনে প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস। তিনি বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা। সিলেট সিটি করপোরেশনে মো. নজরুল ইসলাম বাবুল। তিনি সিলেট মহানগর জাপার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।

ইতিমধ্যেই পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে। খুলনা ও বরিশালে ভোট হবে আগামী ১২ জুন। আর রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে ২১ জুন।

এ সময় জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশাবাদী হতে চাই। আশা করছি, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। আমাদের প্রার্থীরা যেন বিজয়ী হয় সেই মনোভাব নিয়েই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচনের প্রতি আস্থা অনেকাংশেই দেশের মানুষ হারিয়ে ফেলেছে। ভোটের প্রতি আস্থা ফেরাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী নির্বাচনের ব্যাপারে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই নির্বাচন গ্রহণযোগ্য ও অর্থবহ হোক। কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য করতে দায়িত্বশীলদের কাজ করতে হবে। আমরা দেশ ও জাতির প্রত্যাশা পূরণের স্বার্থে কাজ করে এগিয়ে যেতে চাই। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের সমালোচনা করছি।’

জি এম কাদের বলেন, ‘আমরা জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সব নির্বাচনে অংশ নেব পার্টির এমন সিদ্ধান্ত ছিল। আমাদের প্রার্থীরা জয়ী হতে শেষ পর্যন্ত সংগ্রাম করবেন। প্রার্থীরা যেন প্রচার-প্রচারণাসহ সব নির্বাচনী কাজে সমান সুযোগ পান। ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন। দেশের মানুষ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন।’

জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে অংশ নেওয়ার পরিকল্পনা নিয়েই কাজ করছি। আওয়ামী লীগের সঙ্গে আমাদের নির্বাচনী জোট ছিল, সেটা এখন আর নেই। আমরা কখনোই নৌকা নিয়ে নির্বাচন করিনি, আমরা লাঙ্গল নিয়েই নির্বাচন করেছি। কারও দয়ায় জাতীয় পার্টি নির্বাচন করবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত