রোহিঙ্গা সংকট মোকাবিলায় নিরাপত্তা পরিষদকে সংহতি প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কের স্থানীয় সময় গত বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘ফিউচার ট্রাস্ট ফর সাস্টেইনিং পিস’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এ আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বশান্তির জন্য দৃশ্যমান হুমকিগুলো মোকাবিলা এবং রোহিঙ্গা সংখ্যালঘুদের মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ সুরক্ষায় সংহতি ও ঐক্য প্রদর্শনের জন্য রাষ্ট্রদূত মুহিত আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস অর্জনের লক্ষ্যে পরিষদকে আরও বেশি সক্রিয় হওয়া আবশ্যক।
আব্দুল মুহিত বলেন, রোহিঙ্গা সংখ্যালঘুদের তাদের মাতৃভূমি মিয়ানমার থেকে বিতাড়িত হওয়ার পর প্রায় ছয় বছর কেটে গেছে। এই সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং এ ব্যাপারে ক্রমাগত নীরব ভূমিকা পালন করা হয়েছে।
বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) এতদ্সংক্রান্ত ম্যান্ডেট আরও জোরদার করার আহ্বান জানান মুহিত। এছাড়াও জলবায়ু পরিবর্তনের মতো নিরাপত্তা হুমকি মোকাবিলায় পিবিসির পরিপূরক ভূমিকা গ্রহণের জন্য পরিষদের প্রতি আহ্বান জানান তিনি।
দুই মেয়াদের জন্য পিবিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ কমিশনের সম্ভাবনাকে অধিকতর প্রসারিত করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত মুহিত।
স্থায়ী মিশন থেকে জানানো হয়, ২০২৩ সালের মে মাসের জন্য সুইজারল্যান্ড নিরাপত্তা পরিষদের সভাপতি দায়িত্ব পালন করছে এবং দেশটি পরিষদে তার প্রথম সভাপতিত্বের এটি স্বাক্ষর ইভেন্ট হিসেবে এ উচ্চপর্যায়ের উন্মুক্ত বিতর্কের আয়োজন করেছিল। এতে সভাপতিত্ব করেন সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস।
