দেশে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে ভিন্নপথে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেছেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই দেশের আগামী নেতৃত্ব বাছাই করে নেবে জনগণ। আন্দোলন-লড়াইয়ের নামে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান ও তার নেতৃত্বের প্রতি সমর্থনে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রওশন এরশাদ এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘নতুন-পুরনো সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। পার্টিকে শক্তিশালী করতে নবাগতদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’
