বার্সেলোনায় এক বছর থেকে আল হিলালে যাবেন মেসি!

আপডেট : ০৫ মে ২০২৩, ০২:৫৫ এএম

দু’বছর আগে বার্সেলোনা ছেড়ে দেওয়া লিওনেল মেসিকে ঘটা করে প্যারিসে এনেছিল পিএসজি। সেই মেসিকেই অনুমোদনহীন সৌদি সফরের জন্য দু সপ্তাহের জন্য ক্লাবের চৌহদ্দিতে নিষিদ্ধ করেছে তারা। জানিয়ে দিয়েছে তার সঙ্গে নতুন আর চুক্তিই করবেন না। ফরাসি ক্লাবটির উগ্রপন্থি সমর্থকরা এরপর থেকেই ক্লাব হেডকোয়ার্টারের সামনে মেসির বিরুদ্ধে সে্লাগান দিচ্ছে। মেসির সঙ্গে নেইমারকেও পিএসজি থেকে চলে যেতে বলছে তারা। এমন অবস্থায় ৩০ জুনের চুক্তির মেয়াদ শেষে অন্য ক্লাবে যেতে বাধ্য হচ্ছেন মেসি।

বার্সেলোনাতেই ফিরবেন মেসি- এমনটা অনেক দিন ধরেই চাউর হয়েছে। বার্সাও প্রস্তুতি নিচ্ছে মরিয়া তাদের কিংবদন্তিকে দলে ফেরাতে। তবে তা করতে অর্থনৈতিক সীমাবদ্ধতার বাধা টপকাতে হবে কাতালান ক্লাবটিকে। এজন্য ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে মেনে অর্থনৈতিক পরিকল্পনা দিয়েছে লা লিগা কর্র্তৃপক্ষকে। এতে প্রায় ২৫ কোটি ইউরো খালি করতে হবে। এই পরিকল্পনার প্রথম ধাপ হলো দলের বেতনের পরিমাণ হ্রাস করা। বিশেষত, মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং ফ্রেঙ্কি ডি জংয়ের মতো উচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের বেতন হ্রাস করবে। ফ্রাঙ্ক কেসির মতো কয়েকজনকে বিক্রি করে দেওয়া ইত্যাদি। এসব বিষয় নিয়ে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবেস কাল নতুন করে বলেছেন, ‘বার্সেলোনা খেলোয়াড় বিক্রি করে ভালো অঙ্কের অর্থসংস্থানের পথে আছে, যা দিয়ে তারা মেসি বা এমবাপ্পেকে আনতে পারবে।’

তবে মেসি বার্সেলোনায় ফিরলে এক বছরের বেশি থাকবেন না। শেষ পর্যন্ত তিনি সৌদির ক্লাব আল হিলালে যাবেন। লন্ডন টেলিগ্রাফ জানিয়েছে, বছরে ৩২০ মিলিয়ন পাউন্ড (৪০ কোটি ডলার) বেতনে সৌদির ক্লাবে খেলার বিষয়ে কথা বলছেন, মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। এতে মধ্যস্থতা করছে ম্যানসিটির সাবেক সিইও, যিনি সৌদি প্রো লিগে কাজ করছেন জানুয়ারি থেকে, গ্যারি কুক।

টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদোকে আল নাসর দলে ভিড়িয়েছে ১৬৫ মিলিয়ন পাউন্ড বেতনে। সৌদির ক্লাবটির সঙ্গে রোনালদোর চুক্তি ২০২৫ পর্যন্ত। মেসি যদি ৩২০ মিলিয়ন পাউন্ডে সৌদির কোনো ক্লাবে যোগ দেন, তিনিই হবেন দেশটিতে সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবল খেলোয়াড়। ক্লাব ফুটবল ইতিহাসেও যা হবে নতুন রেকর্ড। মেসির সৌদি আরবের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে। ২০২০ এর জানুয়ারিতে জেদ্দায় বার্সেলোনার হয়ে মেসি খেলেছিলেন স্প্যানিশ সুপার কাপ। তার আগে আর্জেন্টিনার হয়ে ২০১৯ এর নভেম্বরে প্রীতি ম্যাচ খেলেন ব্রাজিলের বিপক্ষে। এই মৌসুমেও সৌদি প্রো লিগের একাদশের বিপক্ষে পিএসজির হয়ে খেলেন। এছাড়া মেসি সৌদি পর্যটনের দূত হিসেবেও কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত