আগামী মাসেই আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট আছে বাংলাদেশের। ওই ম্যাচ সামনে রেখে প্রস্তুতির ব্যাপার আছে টেস্ট ক্রিকেটারদের। উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচের হোম সিরিজটিকে তাদের প্রস্তুতির সেরা জায়গা ধরা হচ্ছিল। কিন্তু ১৫ জনের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণার পর দেখা গেল ভিন্ন চিত্র। ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে থাকাদের কেউ নেই। হাই পারফরম্যান্স স্কোয়াডের ক্রিকেটারদের দিয়েই সাজানো হয়েছে দল। তবে নির্বাচক হাবিবুল বাশার গতকাল জানালেন মুমিনুলরা খেলবেন উইন্ডিজের বিপক্ষে শেষ চারদিনের ম্যাচে।
হাবিবুল বাশার জানান, তরুণ ক্রিকেটারদের বড় মঞ্চে পারফরম করার সুযোগ দিতেই এই চেষ্টা। প্রথম দুটি চারদিনের ম্যাচে তারা খেলবেন। মুমিনুলদের দ্বিতীয় চারদিনের ম্যাচেও দলে নেওয়া হতে পারে বলে জানান তিনি, ‘টেস্ট দলে যারা আছে ওদেরও এই সিরিজে খেলানো হবে। এই সিদ্ধান্ত এখনো হয়নি। এটা ঠিক হলে মুমিনুল-খালেদ-নাঈম যারা টেস্টে খেলে ওরা খেলবে একটা বা দুটো ম্যাচ। হতে পারে দ্বিতীয় চারদিনের ম্যাচে মুমিনুল খেলতে পারে।’
এই প্রথম বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে আফিফ হোসেনকে। এবারের ঘরোয়া ক্রিকেটে ভালো করা সাদমান, নাইম শেখ, সাইফ হাসান, টেস্ট দলের বর্তমান ওপেনার জাকির হাসান, জাকের আলিসহ তরুণ ক্রিকেটাররা আছেন দলে। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ হবে ১৬-১৯ মে, দ্বিতীয়টি ২৩-২৬ মে। শেষ ম্যাচ ৩০ মে থেকে ২ জুন। সবগুলো ম্যাচ হবে সিলেটে।
প্রথম ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল : আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, সাদাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।
