৩৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন নাপোলি

আপডেট : ০৫ মে ২০২৩, ০৪:১৬ এএম

দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার ইতি টেনে ইতালিয়ান লিগ সিরি আর শিরোপা ঘরে তুলল নাপোলি।

বৃহস্পতিবার রাতে উদিনেসের বিপক্ষে ১-১ ড্র করে নাপোলি। সুবাদে প্রাপ্ত এক পয়েন্ট থেকে পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যায় দলটির।

৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নাপোলির। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর চেয়ে এগিয়ে ১৬ পয়েন্ট। বাকি পাঁচ ম্যাচে যে ব্যবধান ঘোচানো সম্ভব নয় লাৎসিওর পক্ষে।

নাপোলি সবশেষ লিগ শিরোপা জিতেছিল ১৯৯০ সালে, আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে। এরপর দীর্ঘ অপেক্ষা। ম্যারাডোনাও আড়াই বছর হলো পরপারে পাড়ি দিয়েছেন। স্বর্গ থেকে নিশ্চয়ই প্রিয় দলের অর্জন দেখছেন তিনি!

নাপোলির এবারের লিগ শিরোপাটা এক রকম নিশ্চিত হয়ে গিয়েছিল আরও আগেই। এ ম্যাচের ঠিক আগের ম্যাচে তাদের জন্য মঞ্চ ছিল প্রস্তুত। কিন্তু ড্রয়ে সেদিন বিলম্বিত হয় উৎসব। এদিন আর হতাশার পুনরাবৃত্তি হয়নি।

যদিও ম্যাচের ১৩তম মিনিটে গোল হজম করে নাপোলি। সান্দি লোভরিচ এগিয়ে নেন উদিনেসকে। তবে ৫২তম মিনিটে ভিক্টর ওসিমহেনের গোলে ম্যাচে সমতা টানে নাপোলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত