দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ভারতে কাবাডি দল

আপডেট : ০৬ মে ২০২৩, ১২:৫২ এএম

এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস সামনে রেখে দীর্ঘমেয়াদি ট্রেনিং করতে ভারতে রয়েছে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল। তবে নারী দলের ক্যাম্প এখনো শুরু হয়নি। নারী দলকেও ভারতে পাঠিয়ে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের।

এশিয়ান গেমসে একসময় কাবাডির মাধ্যমে পদক তালিকায় নাম লেখাত বাংলাদেশ। পুরুষ কাবাডি দল তিনটি রৌপ্যসহ মোট পাঁচটি পদক এনে দেয় দেশকে। ২০০৬ সালে দোহা এশিয়াডে সর্বশেষ পদকের দেখা পেয়েছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। এরপর থেকেই পদক অধরা বিশ্ব কাবাডিতে একসময়ে আধিপত্য বিস্তার করা বাংলাদেশের। ২০১০ গুয়াংজু এশিয়াডে পুরুষরা না পারলেও প্রথমবারের মতো হওয়া নারী বিভাগে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। পরেরবার ইনচন এশিয়াডে মেয়েরা ব্রোঞ্জ ধরে রাখলেও সর্বশেষ জাকার্তা এশিয়াডে ফিরতে হয় খালি হাতে। একটা সময় স্থবির হয়ে পড়া কাবাডি ফেডারেশনে গেল কয়েক বছরে ফিরেছে চাঞ্চল্য; বিশেষ করে বাংলাদেশ পুলিশের কর্তাব্যক্তিরা খেলাটির দায়িত্ব নেওয়ার পর থেকে ফিরতে শুরু করে গতি। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নামে টানা তিনটি আন্তর্জাতিক আসরে শিরোপা জেতে বাংলাদেশ। সর্বশেষ ১৩ জাতির আসরে শ্রেষ্ঠত্ব দেখানোর পর ফেডারেশন কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এশিয়াডের জন্য দলকে ভালো প্রস্তুতির ব্যবস্থা করে দেবেন। সে কথা রাখতেই ফেডারেশন বুধবার দলকে ভারতে পাঠিয়েছে প্রায় সাড়ে চার মাস নিরবচ্ছিন্ন ট্রেনিং করাতে। ভারতীয় কোচদের অধীনে মহারাষ্ট্রের কলাপুরে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ভারতীয় টেকনিক্যাল ডিরেক্টর শ্রীনিবাস প্রসাদ রাওয়ের নিজস্ব প্রতিষ্ঠান রাও কাবাডি একাডেমিতে এশিয়াডের আগ পর্যন্ত ট্রেনিংয়ের পাশাপাশি ও ভারতের বিভিন্ন রাজ্য দলের সঙ্গে সপ্তাহে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবেন তুহিন তরফদার, আরদুজ্জামানরা।

১৭ জুন দল দেশে ফিরে ২৫ জুন পুরুষ দল যাবে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। ২৭ জুন থেকে ১ জুলাই বুসানে হবে এই আসর। যেখানে কাবাডির জায়ান্ট ইরান, ভারত ও স্বাগতিক দক্ষিণ কোরিয়ার মতো দলও খেলবে। সোহাগের কথায়, ‘এই চ্যাম্পিয়নশিপে আমাদের কোনো লক্ষ্য নেই। বিশ^সেরাদের বিপক্ষে নিজেদের মানটা বোঝার জন্যই যাওয়া। আমাদের মূল লক্ষ্য এশিয়াডে পদক পুনরুদ্ধার করা। তাই মহারাষ্ট্রে এই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ। কোরিয়া থেকে ছেলেরা সরাসরি মহারাষ্ট্রে যাবে। সেখান থেকেই পরে এশিয়ান গেমসে অংশ নিতে চীনের হাংজুতে যাবে দল।’ মহারাষ্ট্রে বাংলাদেশকে অনুশীলন করাবেন দুই ভারতীয় কোচ সাজুরাম গয়াত ও রমেশ ভাট্টিগিরি।

মেয়েদেরও এশিয়াডের জন্য প্রস্তুত করতে মহারাষ্ট্রে পাঠানোর কথা জানান সোহাগ, ‘এ মাসের শেষ দিকে শুরু হবে মেয়েদের অনুশীলন। তাদের পাসপোর্ট করার কাজ চলছে। তারাও ভারত যবে দীর্ঘমেয়াদি অনুশীলনে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত