বাবার রাজ্যাভিষেকে হ্যারির হাসিমুখ

আপডেট : ০৬ মে ২০২৩, ০৪:৩৬ পিএম

৭০ বছর পর নতুন রাজা পেয়েছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। ইতোমধ্যে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শুরু হয়েছে রাজা তৃতীয় চালর্সের অভিষেকের আনুষ্ঠানিকতা।

এদিন বাবার রাজ্যাভিষেকে বড় ভাই উইলিয়ামের পাশাপাশি উপস্থিত হন ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারিও। স্ত্রী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে ছাড়াই অনুষ্ঠানে যোগ দেন তিনি।

শনিবার (০৬ মে) এক প্রতিবেদনে বিবিসি জানায়, প্রিন্সেস বিয়াট্রিস এবং প্রিন্স অ্যান্ড্রুর মেয়ে প্রিন্সেস ইউজেনির সাথে অনুষ্ঠানে প্রবেশ করেন ডিউক অফ সাসেক্স। এ সময় তাকে হাসিমুখে দেখা যায়। স্মার্ট মর্নিং স্যুট পরেছিলেন প্রিন্স হ্যারি।

প্রসঙ্গত, ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নানা রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে চলছে রাজ্যাভিষেকের অনুষ্ঠান। স্থানীয় সময় সকাল ১০টায় রাজকীয় গাড়ি ডায়মন্ড জুবলি কোচে করে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যান তৃতীয় চার্লস।

অ্যাবেতে পৌঁছানোর পর অভিষেক অনুষ্ঠানে প্রার্থনা হয় যার মূল বার্তা ছিল- ‘আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি’। এরপরই শপথ পড়ানো হয় তৃতীয় চার্লসকে, যা সাজানো হয় প্রশ্ন-উত্তরের মতো করে।

জানা গেছে, আনুমানিক দুপুর ১টার দিকে রাজা তৃতীয় চার্লস ও রানি কনসোর্ট ক্যামিলা ঘোড়ার গাড়িতে বাকিংহাম প্যালেসে ফিরে যাবেন। এ সময় তাদের সঙ্গে থাকবে চার হাজার সৈন্য এবং ১৯টি ব্যান্ডদল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত