সুদানে চলমান সহিংসতা বন্ধে মধ্যস্থতায় নেমেছে সৌদি আরব। বিবদমান দুই পক্ষকে নিয়ে মুখোমুখি আলোচনার আয়োজন করেছে দেশটি। শনিবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে আরও বলা হয়, সুদানে যুদ্ধবিরতির কয়েকটি উদ্যোগ ভেস্তে গেছে। এরপরেও দেশটির সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সঙ্গে বসছে সৌদি। তাদের এই মধ্যস্থতার উদ্যোগে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।
গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে দীর্ঘকাল ধরে চলা ক্ষমতার লড়াই প্রকাশ্যে আসে। দুই বাহিনীর দ্বন্দ্বে দেশটিতে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে হাজারেরও বেশি।
এদিকে মুখোমুখি আলোচনায় মানবিক সমস্যা সমাধানের লক্ষ্য থাকবে বলে জানিয়েছে সুদানের সেনাবাহিনী। ইতোমধ্যে প্রতিনিধিদের আলোচনার জন্য সৌদিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তারা। তিন সদস্যের প্রতিনিধি দলে একজন জেনারেল পর্যায়ের সামরিক কর্মকর্তা ও একজন রাষ্ট্রদূত রয়েছেন।
যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রতিপক্ষ আরএসএফ জানিয়েছে, তারা শুধু মানবিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে। চলমান সংঘাতের অবসান নিয়ে কোনও আলোচনায় তারা অংশ নেবে না।
শুক্রবারেও (০৫ মে) সংঘাতে উত্তপ্ত ছিল সুদানের রাজধানী খার্তুম। ক্ষমতার লড়াই ছেড়ে কোনও পক্ষই সমঝোতা চুক্তির মনোভাব দেখাচ্ছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
অপরদিকে প্রায় তিন সপ্তাহ ধরে চলমান এই সংঘাতে সাড়ে ৪ লাখ বেসামরিক নাগরিক বাড়ি ছেড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা। তাদের মতে, সুদানে প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
