রোশানের পুরান বিয়ের নতুন আয়োজন

আপডেট : ০৬ মে ২০২৩, ১০:৫৬ পিএম

তাহসিন এশা নামের এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করেছেন ঢাকাই সিনেমার চিত্রতারকা জিয়াউল রোশান। বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই বিষয়টি জানিয়েছেন এই নায়ক। সামাজিক মাধ্যমে একসঙ্গে ছবিও পোস্ট করেন তিনি। গতকাল তেমনি দুটি ছবি পোস্ট করেছেন রোশান। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই।’ ছবিতে এশার হাতে মেহেদি লাগিয়ে দিতে দেখা যায় রোশানকে। এমন ছবির পর অনেকেই প্রশ্ন রাখেন, তবে কি এটা বিয়ের ইঙ্গিত? তারই সূত্র ধরে নায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা বিয়ে করেছেন অনেক আগেই। ২০২০ সালের ১১ জুন পারিবারিকভাবে তারা বিয়ে করেছেন। করোনাকালসহ বিভিন্ন কারণে জানানো হয়নি বলে জানান রোশান।

‘রক্ত’খ্যাত এই নায়ক জানান, এশার সঙ্গে ৫ বছরের প্রেম ছিল। যে প্রেম ২০২০ সালে পরিণতি পায় বিয়ের মাধ্যমে। গতকাল রাতে দুই পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত হয়। যে আয়োজনটি হয়েছে একেবারেই ঘরোয়া পরিসরে। জানা গেছে, রোশানের প্রেমিকা তাহসিন এশার জন্ম ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি পড়াশোনা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। ২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রোশানের। সেখানে তার নায়িকা ছিলেন পরীমণি। এরপর ‘ধ্যাততেরিকি’, ‘বেপরোয়া’, ‘মেকআপ’ ও কলকাতার ‘ককপিট’, ‘অপারেশন সুন্দরবন’, ‘মুখোশ’ মুক্তি পেয়েছে। গেল ঈদে মুক্তি পেয়েছে রোশান অভিনীত ‘জ্বীন’ ও ‘পাপ’ নামের দুটি সিনেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত