নৌকাবাইচে ‘হাত ছেড়ে দাও সোনার দেওরা রে’ গানের তালে দ্রুতলয়ে বইঠা ঠেলেন মাঝিমাল্লারা। উত্তরবঙ্গের সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, রংপুর অঞ্চলে নৌকাবাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় সারিগানটি। নৌকাবাইচে মাঝির শক্তি সঞ্চার ও ছন্দ আনার উদ্দেশ্যে গানটি পরিবেশন করা হয়। মাঝিদের মুখ থেকে মুখে ফেরা গানটি নিয়ে আসছে কোক স্টুডিও বাংলা। আজ প্রকাশ পাবে ‘দেওরা’। গানটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে শুনেছেন প্রীতম হাসান। কোক স্টুডিও বাংলার তরফ থেকে গান করার প্রস্তাব পাওয়ার পর গানটি নিয়ে কাজের আগ্রহ দেখান তিনি। প্রীতম হাসান বলেন, “আমাকে অর্ণব ভাই বলেছিলেন, ‘তুমি কী ধরনের গান করতে চাও?’ আমার মাথায় ছিল, একটি সারিগান করব। সেই ভাবনা থেকেই গানটি করেছি।”
×
