তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ নিয়ে বিশ্বের প্রশংসায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনার কারণেই আজ সমগ্র বাংলাদেশ বদলে গেছে। সে কারণে সমগ্র পৃথিবী আজ শেখ হাসিনা ও বাংলাদেশের প্রশংসা করছে। শুধু প্রশংসা করতে পারে না বিএনপি। এখন তারা আবোল-তাবোল বকছে।’
মন্ত্রী গতকাল শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নবনির্মিত তেলিপাড়া সেতুসংলগ্ন চত্বরে বিভিন্ন দপ্তরের অর্থায়নে চার ইউনিয়নে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত শতাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ড. হাছান বলেন, ‘বিএনপি নেতাদের একটু মানসিক চিকিৎসা করা প্রয়োজন। সম্ভবত গরমের কারণে তাদের মাথা একটু খারাপ হয়ে গেছে। কারণ কিছু কিছু মানুষ আছে বেশি গরম পড়লে মাথা ঠিক রাখতে পারে না। তাদেরও এটা হয়েছে কি না, সেটিই আমার প্রশ্ন? আবার কিছু মানুষ আছে শীতকাল এলে মাথা ঠিক থাকে না। তাদের কিন্তু দুই মৌসুমেই মাথা ঠিক থাকে না।’ খবর বাসস।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল, গয়েশ্বর বাবু, খন্দকার মোশাররফ, রিজভী আহমেদ ও আমীর খসরু সাহেব দেখি আমাদের সমালোচনা করেন। আমি তাদের বলব, আপনারা মাথা খারাপ না করে ঠান্ডা রাখুন। আপনারাও স্বীকার করুন, আজ দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনতার উদ্দেশে বলেন, ‘যারা শুধু ভোট এলে বড় বড় কথা বলে, তাদের জিজ্ঞেস করবেন আমরা যে চকচকে রাস্তা করেছি, তার গর্তগুলো তারা ভরাট করতে পারবে কি না। আমরা কাজ করি আর তারা শুধু ভুল খোঁজে। বিএনপি মূলত “ভুল ধরা পার্টি”।’
শনিবার সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং জেলা পরিষদসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্প উদ্বোধন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা, শিলক ও পদুয়া ইউনিয়নে পৃথক তিনটি পথসভায় যোগ দেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ। বিকেলে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুখবিলাস উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন। বিদ্যালয়ের সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য এরশাদ মাহমুদ।
