বিশ্ব বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে আস্তে আস্তে বাংলাদেশের নাম উজ্জ্বল হচ্ছে। বহু বছর আগে তারেক মাসুদের ‘মাটির ময়না’র পর কানে এ দেশের কোনো সিনেমা জায়গা পায়নি। তবে ২০২১ সালে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে কানের অফিশিয়াল সিলেকশন পেয়ে সাড়া ফেলে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। ছবিটির নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করে জনপ্রিয় তারকা আজমেরী হক বাঁধন নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। পরের বছর, অর্থাৎ ২০২২ সালেও বাংলাদেশ থেকে ছবি যায় কান উৎসবে। আর এবার প্রথমবার কানে বাংলাদেশের স্টল হচ্ছে।
কানের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে বিশ্বের বিভিন্ন দেশের স্টল বসে। গত বছর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ঘোষণা দিয়েছিলেন এ বছর কানে বাংলাদেশের স্টল থাকবে। গত বছর ভারতীয় স্টলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’-এর ট্রেলার উদ্বোধন করার সময় এই ঘোষণা দেন তিনি। কথা রেখেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিএফডিসির চিফ অব ফ্লোর অ্যান্ড সেট এবং জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানিয়েছেন, এরই মধ্যে সরকারিভাবে স্টল বরাদ্দের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ ছবিটির প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে।
চূড়ান্ত মনোনয়ন
এবার অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৬২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চারটি প্রামাণ্যচিত্র এবং একটি টিভি সিরিজ। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি প্রামাণ্যচিত্র। মূল প্রতিযোগিতায় এশিয়ার দেশগুলো থেকে স্থান পেয়েছে জাপানের ‘মনস্টার’, চীনের ‘ইয়ুথ’। নবীন নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় ছবির জন্য রয়েছে ‘আঁ সার্তে রিগা’। দুই বছর আগে এই বিভাগে প্রতিযোগিতা করেছিল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। এবার এই বিভাগে রয়েছে ২০টি চলচ্চিত্র। এর মধ্যে আছে দক্ষিণ কোরিয়ার ‘হোপলেস’, ইরানের ‘টেরেস্ট্রিয়াল ভার্সেস’, চীনের ‘অনলি দ্য রিভার ফ্লোস’। মিডনাইট সেশনসে স্থান পেয়েছে ভারতের ‘কেনেডি’ ও দক্ষিণ কোরিয়ার ‘প্রজেক্ট সাইলেন্স’সহ পাঁচটি ছবি। প্রতিযোগিতার বাইরে আরও প্রদর্শিত হবে ছয়টি পূর্ণদৈর্ঘ্য ও একটি টিভি সিরিজ, কান প্রিমিয়ারে সাতটি এবং স্পেশাল সেশনসে আছে চারটি পূর্ণদৈর্ঘ্য, দুটি স্বল্পদৈর্ঘ্য ও তিনটি প্রামাণ্যচিত্র। প্রদর্শিত হবে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ফ্রান্সের ‘জ্যঁ দ্যু ব্যারি’। মূল চরিত্রে আছেন হলিউডের জনি ডেপ। একই দিনে ফ্রান্সের সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। সমাপনী চলচ্চিত্র অ্যানিমেটেড ছবি ‘এলিমেন্টাল’।
গদার-হিচককের পাশে ভারতের আরিবম
কান ক্ল্যাসিকসে এবার সম্মাননা জানানো হবে ফ্রান্সের জ্যঁ-লুক গদার, জাপানের ইয়াসুজিরো ওজু, যুক্তরাষ্ট্রের আলফ্রেড হিচকক, সুইজারল্যান্ডের লিওপোল্ড লিন্টবার্গ, ফ্রান্সের পিয়েরে কলম্বিয়ের, ভারতের আরিবম শ্যাম শর্মাসহ বিশে^র ২৫ নামী চলচ্চিত্রকারকে। তাদের বিখ্যাত চলচ্চিত্র এবং তাদের নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে কান ক্ল্যাসিকসে। এর মধ্যে রয়েছে গদারের ‘কনটেম্পট’, ওজুর ‘রেকর্ড অব আ টেনামেন্ট জেন্টলম্যান’ ও ‘দ্য মুনেকাটা সিস্টার্স’, হিচককের ‘স্পেলবাউন্ড’। মণিপুরি ভাষায় আরিবম শর্মার ‘ঈষানৌ’ও প্রদর্শিত হবে। ১৯৯০ সালে কানের আঁ সার্তে রিগায় প্রদর্শিত হয়েছিল ছবিটি।
