গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে এবার হাইকোর্টে রিট আবেদন করেছেন বরখাস্তকৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আবেদনে নির্বাচন কমিশন কর্তৃক তার প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে তা পেতে আবেদন করেছেন তিনি। গতকাল রবিবার তার পক্ষে আইনজীবী নকিব সাইফুল ইসলাম এ আবেদনটি করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার, গাজীপুরের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা রিট আবেদন করেছি। সোমবার সংশ্লিষ্ট একটি বেঞ্চে শুনানি হতে পারে। শুনানিতে বিস্তারিত তুলে ধরব।’
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ মে গাসিক নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাকে বেছে নেয়। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে ‘স্বতন্ত্র’ হিসেবে জাহাঙ্গীর আলম এবং তার মা জায়েদা খাতুন মনোনয়নপত্র জমা দেন। তবে গত ৩০ এপ্রিল খেলাপি ঋণের অভিযোগে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে জাহাঙ্গীর আপিল করলে সেটিও খারিজ হয়ে যায়। এর ধারাবাহিকতায় হাইকোর্টে রিট আবেদন করলেন তিনি।
২০২১ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত ও কটু মন্তব্য করতে শোনা যায়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ওই বছরের ১৯ নভেম্বর জাহাঙ্গীরকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। এর কয়েক দিন পর অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের দলীয় পদে বহিষ্কারাদেশ থেকে মুক্তি পান তিনি। বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে গত বছর ১৪ আগস্ট রিট আবেদন করেন জাহাঙ্গীর আলম। আগামী ১৪ মে এ বিষয়ে রায়ের জন্য ধার্য আছে।
