বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার নির্বাচন কমিশনকে যত সুন্দর করে সাজানোর চেষ্টা করুক না কেন, কোনো লাভ নেই। বিগত সময়েও এ সরকারের অধীনে নির্বাচন কমিশনকে দেশের জনগণ দেখেছে। নির্বাচন কমিশনকে তারা গৃহপালিত করে রেখেছে। তাই এ নির্বাচন কমিশনের কোনো ক্ষমতাই নেই সুষ্ঠু নির্বাচন করার।’
গতকাল রবিবার দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলা বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার করে বলে দিয়েছি এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। সরকারকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়েই নতুন নির্বাচনের মধ্যমে দেশে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করতে হবে। তাই আমরা ১০ ও ২৭ দফা দাবি দিয়েছি। সেই ২৭ দফার মধ্য দিয়ে আমরা এ দেশের আমল পরিবর্তনের কথা বলেছি। তাই সব অন্যায় ও অবৈধ শক্তিকে পরাজিত করে সত্যিকার অর্থে একটি শান্তির ও সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলটির সবাইকে শপথ গ্রহণ করার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সহসভাপতি নুর করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ অন্য নেতারা। পরে মির্জা ফখরুল পৌর বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে যোগ দেন।
