গণতন্ত্র মঞ্চ ছাড়ার ব্যাখ্যা দিলেন নুর

আপডেট : ০৮ মে ২০২৩, ০২:৫০ এএম

সাতদলীয় গণতন্ত্র মঞ্চ ছাড়ার ব্যাখ্যা দিতে জোটের বৈঠকে উপস্থিত হয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জানান তাদের দল রাজনৈতিকভাবে নতুন। দলের সাংগঠনিক সক্ষমতা অর্জনে তাদের নিত্য-নতুন কর্মসূচিতে যেতে হবে। নতুন দল হিসেবে এখনই তাদের জোট রাজনীতিতে অন্তর্ভুক্তি ও মাঠে থাকা সম্ভব হচ্ছে না। তাই রাজনৈতিকভাবে নিজেদের আরও পরিপক্ব করতে বেশ কিছুদিন স্বতন্ত্র রাজনীতি করতে চান। পরে জোট রাজনীতিতে তারা সম্পৃক্ত হবেন।

গতকাল রবিবার সেগুনবাগিচায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতারা গণ অধিকার পরিষদের নেতাদের জানান, এ বিষয়ে তাদের আগেই চিন্তা করা উচিত ছিল। প্রতিটা ক্ষেত্রে নিজেদের ভুল শোধরানোর সুযোগ নিয়ে তাদের চলমান আন্দোলন যখন আরও বেগবান করা হচ্ছে তখন জোট ত্যাগের সিদ্ধান্ত জনগণের কাছে ভুল বার্তা দেবে। জোট ত্যাগের সিদ্ধান্ত সঠিক মনে হলে পাবলিকলি না করে জোটের বৈঠকেই আলোচনা করে নেওয়া যেত। কিন্তু কোনো আলোচনা না করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জোট ত্যাগের সিদ্ধান্তে সবাই মর্মাহত। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে গণ অধিকার পরিষদের উপস্থিতি প্রত্যাশা করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

জবাবে নুরুল হক নুর জানান, এই সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। জোটগত রাজনীতিতে না থাকলেও তাদের সম্পর্ক অটুট থাকবে। গণ অধিকার পরিষদের কর্মসূচিতে গণতন্ত্র মঞ্চের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। একইভাবে তারাও প্রত্যাশা করে গণতন্ত্র মঞ্চের সভা-সমাবেশে তাদের দাওয়াত দেওয়া হবে।

জোটের বৈঠকের শুরুতে নুরের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি উপস্থিত হয়ে জোট ত্যাগের কারণ ব্যাখ্যা করে দশ মিনিটের মতো সেখানে অবস্থান করে চলে যান। পরে বৈঠকে ১২ মে বিকেল ৪টায় শাহবাগ চত্বরে গণতন্ত্র মঞ্চের সমাবেশ কর্মসূচি নিয়ে আলোচনা করেন জোট নেতারা। এই কর্মসূচিতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতির সিদ্ধান্ত হয়। একইদিন পৃথকভাবে গণ অধিকার পরিষদ ও দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ আয়োজন করবে।

তত্ত্বাবধায়ক ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না রিজভী : এদিকে গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক ও প্রকৌশলী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, ভবিষ্যতেও হবে না। ভোটাধিকার আদায়ে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। এবার আর সরকার রক্ষা পাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত