ডিএনসিসি মেয়রস কাপ দ্বিতীয় আসরের ভলিবল খেলার উদ্বোধন

আপডেট : ০৮ মে ২০২৩, ০৪:১৯ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, 'খেলাধুলায় যুক্ত থাকি, মাদককে দূরে রাখি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিএনসিসি মেয়রস কাপের দ্বিতীয় আসরের খেলা শুরু হয়েছে। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি ভলিবলকে এগিয়ে নিতেই মেয়রস কাপ টুর্নামেন্টে ভলিবল খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। ভলিবলের জনপ্রিয়তা বাড়াতে ডিএনসিসির ওয়ার্ড পর্যায়ে ভলিবল খেলার আয়োজন করা হবে।

সোমবার (০৮ মে, ২০২৩) সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রস কাপ টুর্নামেন্টের ভলিবল ইভেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, 'মেয়রস কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে দূরে রাখার জন্যই এই টুর্নামেন্ট। যুবসমাজকে ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। মাঠে এসে খেলাধুলায় অংশ গ্রহণ করতে হবে।'

তিনি আরও বলেন, 'খেলাধুলার জন্য মাঠ প্রয়োজন। আমরা সিটি করপোরেশন থেকে ইতিমধ্যে অনেকগুলো মাঠ উন্নয়ন করে উন্মুক্ত করে দিয়েছি। বিভিন্ন ডেভেলপার কোম্পানিগুলো যখন নকশা প্রণয়ন করে তখন সেখানে খেলার মাঠ ও পার্ক নির্দিষ্ট করা থাকে। কিন্তু পরবর্তীতে সেই মাঠ ও পার্ক তারা নির্মাণ না করে প্লট আকারে বিক্রি করে দেয়। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা নকশা অনুযায়ী মাঠ ও পার্ক নিশ্চিত করবেন। কালশীতে ফ্লাইওভার উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী কালশী বালু মাঠটিতে ভবন নির্মাণ না করে মাঠ করার ঘোষণা দিয়েছেন। তাৎক্ষণিক এমন সিদ্বান্ত একমাত্র ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব।'

ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলায় অংশ নিতে হবে উল্লেখ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, 'আমি চাই ছেলেদের সাথে সাথে আমাদের মেয়েরাও মাঠে খেলাধুলা করবে। মেয়েদের উৎসাহিত করতে মেয়রস কাপের এবারের আসরে যুক্ত করেছি মহিলা ভলিবল ও মহিলা ক্রিকেট ইভেন্ট। যে সকল কাউন্সিলররা ছেলেদের ক্রিকেট টিমের পাশাপাশি মেয়েদের ক্রিকেট টিম গঠন করবে সে সকল কাউন্সিলরদের পুরস্কৃত করা ও আলাদা বরাদ্দ দেওয়া হবে।'

মেয়র আরও বলেন, 'অসাম্প্রদায়িক বাংলাদেশে ছেলে-মেয়ের কোনো বৈষম্য থাকা উচিৎ নয়। বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। আমাদের মেয়েরাই সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ক্রিকেট, ফুটবলে ভালো করছে। অতএব ভলিবলেও মেয়েদের অংশগ্রহণ বাড়ানো হবে।'

মেয়রস কাপের আগামী আসরে ব্যাডমিন্টন খেলাও অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।

প্রায় হারিয়ে যাওয়া ভলিবল খেলা এখন আবার জনপ্রিয় হয়ে উঠছে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, 'উড়ন্ত বলের দুরন্ত খেলা ভলিবল। হারিয়ে যাওয়া ভলিবল এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ ভলিবল দল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে। ২০২৪ সালে প্যারিসে যে অলিম্পিক হতে যাচ্ছে সেটির বিচ ভলিবলের বাছাই পর্বের ভেন্যু কক্সবাজার হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন।'

উল্লেখ্য, ডিএনসিসি মেয়রস কাপের প্রথম আসরের মতো এবারও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা আসনের ১৮টি ওয়ার্ড অংশগ্রহণ করছে। ভলিবল ডিসিপ্লিনের পুরুষ বিভাগে অংশগ্রহণ করছে ১৮টি দল এবং নারী বিভাগে ১৪টি দল। আজকের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে নারী বিভাগের সংরক্ষিত মহিলা ওয়ার্ড ০৬ ও ওয়ার্ড ১৭। ১৭ নম্বর ওয়ার্ড ২-০ সেটে জয় লাভ করেছে। ধারাবাহিকভাবে পুরুষ ক্রিকেট, নারী ক্রিকেট এবং ফুটবল ডিসিপ্লিনের খেলাও দ্রুত অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত