ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। এরপর মেসি ক্ষমা চান। গতকাল সোমবার হঠাৎ করেই পিএসজির টুইটার অ্যাকাউন্টে মেসির অনুশীলনের ছবি পোস্ট করে লেখা হয়, ‘অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।’ মেসির নিষেধাজ্ঞা কি তবে প্রত্যাহার করে নিল পিএসজি? এ রিপোর্ট লেখা পর্যন্ত অফিশিয়াল কোনো ঘোষণা না এলেও বেশ কিছু ইউরোপিয়ান গণমাধ্যম জানিয়েছে, মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
নিষিদ্ধ থাকার সময়ে মেসি ম্যাচ বা অনুশীলন করতে পারবেন না, এমনটি জানানো হয়েছিল। যেহেতু অনুশীলনে ফেরার ছবি দেওয়া হয়েছে, তবে ধরেই নেওয়া যায় মেসির নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে প্যারিসের ক্লাবটি। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
লরিয়েঁর বিপক্ষে পিএসজির হেরে যাওয়া এবং মেসির সৌদিতে যাওয়া নিয়ে ঝামেলার শুরু। লরিয়েঁর বিপক্ষে ম্যাচটি জিতলে পরের দুদিন ছুটি পেতেন মেসিরা। তবে জিততে না পারায় পরের দিন অনুশীলনের ঘোষণা করা হয়। এতেই বাধে বিপত্তি। কারণ মেসি আগে থেকেই সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। উদ্দেশ্য, দেশটির পর্যটনদূত হিসেবে নিজের প্রতিশ্রুতি পালন করা।
নিষেধাজ্ঞা থাকায় রবিবার রাতে ত্রয়েসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচ খেলতে পারেননি মেসি। তবে পিএসজি ৩-১ গোলে হারিয়েছে ত্রয়েসকে। ম্যাচে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, ভিতিনহা ও ফাবিয়ান রুইজ। ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট পিএসজির। মার্শেইয়েকে হারিয়ে নিকট প্রতিদ্বন্দ্বী হিসেবে লাসঁ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। তবে তাদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে পিএসজি। শেষ চার ম্যাচের দুটিতে জয় পেলেই রেকর্ড ১১তম বারের মতো ফ্রেঞ্চ লিগ জিতবে পিএসজি। মেসিহীন ত্রয়েসের বিপক্ষে পিএসজির ম্যাচে দর্শক সংখ্যা লরিয়েঁর বিপক্ষে আগের ম্যাচের তুলনায় ৬৪ লাখ কমে ৯ লাখে নেমে এসেছিল। লেকিপ খবর দিয়েছে ১৩ মে আজাসিওর বিপক্ষে পরের ম্যাচেই মাঠে ফিরবেন মেসি।
এর আগে সানডে টাইমস তাদের এক খবরে জানিয়েছিল, মেসি পিএসজিতে থেকে যেতে পারেন। মেসির এভাবে অনুশীলনে ফেরাতে সেই আশাও করতে পারেন সমর্থকরা। তবে স্পেনের এল চিরিংগুইতো টিভি জানাচ্ছে, মেসি নাকি আল হিলালের প্রস্তাবে রাজি হয়ে গেছেন। এমনকি মেসিকে ভেড়াতে আনতে জর্দি আলবা ও সার্জিও বুসকেটসকেও নাকি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মেসি শেষ পর্যন্ত কোথায় যান তা বলা যাবে মৌসুম শেষে।
