বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের বাসভবনে এ বৈঠক হয়। বিএনপি নেতারা সেখানে মধ্যাহ্নভোজেও অংশ নেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের এক সদস্য দেশ রূপান্তরকে এ বৈঠকের কথা জানিয়েছেন। তবে বৈঠক শেষে বিএনপি কিংবা জাতিসংঘের আবাসিক প্রতিনিধির অফিস থেকে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তার কোনো তথ্য জানানো হয়নি। অবশ্য বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। এতে বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি বিশ্বের সব গণতান্ত্রিক দেশগুলোকে বাংলাদেশে ‘গণতন্ত্র ফেরাতে’ সহযোগিতা চেয়েছে। এর অংশ হিসেবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর আমন্ত্রণে তার গুলশানের বাসায় মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বিএনপি নেতারা। এ সময় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতারা তাদের দলের অবস্থান ব্যাখ্যা করেছেন। পাশাপাশি সম্প্রতি সারা দেশে ‘গায়েবি মামলায়’ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও ‘নির্যাতনের’ বিষয়ে বিএনপি নেতারা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে জানিয়েছেন। ২০১৪ ও ’১৮ সালের মতো আবারও সরকার ‘একতরফা’ নির্বাচনের চেষ্টা করছে বলেও জানানো হয়েছে।
এর আগে গত মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী নিজে থেকেই জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলেছিলেন বলে জানিয়েছিলেন লুইস। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘জাতিসংঘের কোনো সহযোগিতা আমাদের নেওয়ার প্রয়োজন নেই। কারণ আমরা যথেষ্ট পরিপক্ব। নির্বাচন করার জন্য যেসব ইনস্টিটিউশন দরকার, সুন্দর, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেই ইনস্টিটিউশন আমরা মোটামুটি তৈরি করেছি। তবে পর্যবেক্ষকদের ব্যাপারে কোনো আপত্তি নেই।’
