আইনে থাকা ‘পাকিস্তান’ শব্দের তালিকার নির্দেশ

আপডেট : ০৯ মে ২০২৩, ০২:৫১ এএম

দেশে বিদ্যমান কোনো কোনো আইনে এখনো ‘পাকিস্তান’ ‘ইস্ট পাকিস্তান’ ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’ শব্দ রয়েছে তা জানতে চেয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে এসব শব্দ সংশোধনে নিষ্ক্রিয়তা নিয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিভিন্ন আইনে থাকা এসব শব্দ সংশোধন ও পরিবর্তন চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আইন অনুসারে দেশের প্রচলিত আইন থেকে পাকিস্তান, ইস্ট পাকিস্তান ও ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান শব্দ বাদ দিয়ে এসব আইন সংশোধন ও পরিবর্তনে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তা  জানতে চেয়েছে হাইকোর্ট। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো রবিউল আলম এ রিট আবেদনটি করেন। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মাসুদ ও কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

অ্যাডভোকেট রবিউল আলম দেশ রূপান্তরকে বলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে ৬০ দিনের মধ্যে তালিকা দিতে আদেশ দিয়েছেন আদালত। রিটকারী আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, বাংলাদেশ স্বাধীনের পর আইনগুলো পরিবর্তিত হয়ে প্রতিস্থাপিত হয়। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ লজ (রিভিশন ও ডিক্লারেশন) অ্যাক্টয়ে এসব শব্দ বাদ দেওয়ার বিধান রয়েছে। বিভিন্ন সময়ে কিছু শব্দ বাদ দেওয়া হলেও অনেকগুলো এখনো রয়ে গেছে।

এর মধ্যে দ্য ক্যাটল (প্রিভেনশন অব ট্রেসপাস) অর্ডিন্যান্স ১৯৫৯, দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অর্ডিন্যান্স ১৯৬১, দ্য অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি অর্ডিন্যান্স ১৯৬১, দ্য অ্যাগ্রিকালচার পেস্টস অর্ডিন্যান্স ১৯৬২, দ্য ইনডিসেন্ট অ্যাডভার্টাইজমেন্টস প্রভিশন অ্যাক্ট ১৯৬২, দ্য সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট, দ্য গভমেন্ট লোকাল অথরিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস (রিকোভারী অব পজেশন) অর্ডিন্যান্স ১৯৬৩সহ অন্তত ১৫টি আইনে পাকিস্তান, ইস্ট পাকিস্তান ও ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের মতো অসঙ্গতিপূর্ণ শব্দ রয়ে গেছে। আইনজীবী বলেন, ‘এসব শব্দ বাতিল করতে আইনে বিধান থাকার পরেও কিছু আইনে তা রয়ে যাওয়া সমীচীন নয়। আদালত যুক্তি শুনে রুল ও আদেশ দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত