‘রানা প্লাজা’র রানার জামিন স্থগিত থাকছে

আপডেট : ০৯ মে ২০২৩, ০২:৫৪ এএম

১০ বছর আগে রাজধানীর উপকণ্ঠে সাভারে ‘রানা প্লাজা’ ভবন ধসে হাজারের বেশি মানুষের প্রাণহানির মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ১০ জুলাই পর্যন্ত স্থগিত থাকছে। একই সঙ্গে তার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতির আবেদন) ওপর শুনানির জন্য ওই দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়।  আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি। সোহেল রানার পক্ষে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘১০ জুলাই আমাদের আপিলের ওপর শুনানি হবে। ওই সময় পর্যন্ত আসামির জামিন স্থগিত থাকবে।’

এ মামলায় সোহেল রানাকে কেন জামিন দেওয়া হবেনা তা জানতে চেয়ে ২০২১ সালের ১ মার্চ রুল দিয়েছিল হাইকোর্ট। গত ৬ এপ্রিল রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিনের আদেশ দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত