পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করেছে দেশটির আর্থিক অপরাধ সংক্রান্ত জাতীয় ব্যুরো (এনএবি)। মঙ্গলবার (০৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে হেফাজতে নেয় আধা সামরিক বাহিনী পাক রেঞ্জার্স। এদিন নথিভুক্ত বিভিন্ন অভিযোগের বিপরীতে ইসলামাবাদ হাইকোর্টে জামিন চাইতে গিয়েছিলেন ইমরান খান।
সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. আকবর নাসির খান। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অপর একটি সূত্র জানিয়েছে, জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয় পিটিআই চেয়ারম্যানকে। অভিযোগ উঠেছে, গ্রেপ্তারের পর তাকে পাক রেঞ্জার্সের সদস্যরা মারধরও করেছেন। এরপর তাকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
পিটিআইয়ের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী বলেন, জোর করে ইমরান খানকে তুলে নিয়ে গেছে পাক রেঞ্জার্স। তার আইনজীবী ফয়জল চৌধুরীও হামলার শিকার হয়েছেন।
