সূর্যের তেজে পুড়ল কোহলিরা

আপডেট : ১০ মে ২০২৩, ১২:৫৮ এএম

বিরাট কোহলিদের জয়ের গ্রাস কেড়ে নিলেন সূর্যকুমার যাদব। তার ব্যাটের সামনে পড়ে দিশেহারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা। সূর্যকে দারুণ সঙ্গ দেন ঈশান কিশান, নেহাল ওয়াদেহারারা। ‍সুবাদে ২০০ রান তাড়ায়ও দাপুটে জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

আইপিএলে মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোহলি-ফ্যাফ ডু প্লেসিদের ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই ঝড় তোলেন ঈশান কিশান। ২১ বলে ৪২ রানের ইনিংস খেলে যখন ঈশান আউট হন তখন ৪ ওভার শেষে মুম্বাইয়ের স্কোর ৫০ পেরিয়ে গেছে।

তবে এদিনের ম্যাচেও রান পাননি অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৭ রান করেছেন। রোহিত আউট হতেই ম্যাচের হাল ধরেন সূর্য। নেহালকে সঙ্গে নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলে আসেন তিনি।

মাত্র ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন সূর্য। তার ব্যাটের ঝড়ের সামনে পড়ে কিছুটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েন বেঙ্গালুরুর বোলাররা। আর তাকে এই ম্যাচে যোগ্য সঙ্গত দেন নেহাল। ৩৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বেঙ্গুলুরুর পক্ষে অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি খেলেন ৪১ বলে ৬৫ রানের ইনিংস। গ্লেন ম্যাক্সওয়েল সর্বোচ্চ ৩৩ বলে ৬৮ রান করেন। দিনেশ কার্তিক করেন ১৮ বলে ৩০ রান। সুবাদে ৬ উইকেটে ১৯৯ রানের পুঁজি পায় বেঙ্গালুরু।

ম্যাচসেরা হয়েছেন মুম্বাইয়ের সূর্যকুমার যাদব। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে অনেকটাই ওপরে উঠে এসেছে মুম্বাই। ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রোহিতরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট কোহলিরা দশ দলের মধ্যে আছে সাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত