ইমরানের গ্রেপ্তারে উত্তাল পাকিস্তান

আপডেট : ১০ মে ২০২৩, ০৫:৪১ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে দেশটির আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় গ্রেপ্তার করা হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধানকে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এদিন পৃথক দুটি মামলার শুনানির জন্য লাহোর থেকে ইসলামাবাদের আদালতে গিয়েছিলেন ইমরান। সে সময় হুট করেই তাকে আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শহরে শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। পুলিশের সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। পাকিস্তানের বিভিন্ন নগরীতে নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

গতকাল ইমরান খানকে গ্রেপ্তারের খবরটি অফিশিয়ালভাবে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সাইফুল্লাহ। তার বরাতেই সংবাদমাধ্যমগুলো সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের খবর নিশ্চিত করে। পরে ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানায়, একটি রিয়েল এস্টেট কোম্পানির ৫০ বিলিয়ন রুপির বৈধতা দেওয়ার বিনিময়ে কয়েক বিলিয়ন রুপি নেওয়ার অভিযোগ রয়েছে ইমরান এবং তার স্ত্রীর বিরুদ্ধে। আল-কাদির ট্রাস্ট মামলা নামে পরিচিত সে মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে সাবেক এ প্রধানমন্ত্রীকে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর পিটিআই নেতারা দলীয় কর্মী-সমর্থকদের রাস্তায় নেমে বিক্ষোভ করার ডাক দেন। পিটিআইয়ের টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়, ‘পাকিস্তানের জনগণ এখন আপনাদের সময়। ইমরান খান সবসময় আপনাদের পাশে ছিলেন। এখন সময় তার পাশে দাঁড়ানোর।’ সেই আহ্বানে ইমরানের সমর্থকরা ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, পাঞ্জাবসহ কয়েকটি শহরে ১৪৪ ধারা ভেঙেই রাস্তায় নামেন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরে শহরে।

ইসলামাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তাদের পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে সেখানে ৪৩ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। করাচিতে পিটিআই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর জানিয়ে ডন বলেছে, সেখান বিক্ষোভ দমনে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীরা একটি বাস ভাঙচুর করেছে। পরে তারা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। করাচি ওয়াটার অ্যান্ড সুয়ারেজ বোর্ডের একাধিক গাড়িতেও আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন সাংবাদিক মুর্তজা ওহাব। পিটিআই দাবি করেছে, তাদের দলের সিন্ধু অঞ্চলের প্রেসিডেন্ট আলি হায়দার জাইদিকে করাচিতে অপহরণ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করায় মঙ্গলবার সন্ধ্যায় পেশোয়ারে আগামী ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার শাহ ফাহাদ। হায়দরাবাদে পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেডে আগুন ধরিয়ে দেয়।

লাহোরে সেনেটর ইজাজ চৌধুরীর নেতৃত্বে পিটিআইয়ের সমর্থকরা লিবার্টি চকে জড়ো হয়েছেন। নগরীর আকবর চক, পেকো রোড, মেইন কানাল রোড ও ফয়সাল টাউনও বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন ডনের এক প্রতিনিধি। সেখানে পিটিআইয়ের সমর্থকদের টায়ার পোড়াতে এবং জোট সরকারের বিরুদ্ধে সেøাগান দিতে দেখা যাচ্ছে, বলেছেন তিনি। ইমরানের জামান পার্কের বাসভবনের বাইরেও সমর্থকদের সরকারি ব্যানার ছিঁড়তে দেখা গেছে।

দক্ষিণের নগরী কোয়েটায় পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত এবং ছয় পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়েছে বলে প্রাদেশিক গৃহমন্ত্রী জিয়াউল্লাহ লনগোভির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পিটিআইয়ের প্রাদেশিক প্রধান ডা. মোহাম্মদ ইকবালের নেতৃত্বে লাক্কি মারওয়াত জেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা টায়ারে আগুন এবং সিন্ধু মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

পিটিআই সমর্থকরা লাহোর সেনানিবাসের আবাসিক এলাকায় ঢুকে পড়েছে বলে টুইটারে এক বার্তা পোস্ট করে জানিয়েছেন সাংবাদিক মুর্তজা আলি শাহ। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একদল মানুষ লাঠি হাতে সেনানিবাসের একটি গেট দিয়ে প্রবেশ করছে। তাদের কারও কারও মুখ আংশিক ঢাকা। পরে তাদের কাউকে কাউকে লাঠি দিয়ে দেয়ালে বাড়ি দিতে দেখা যায়। সেখানে ইউনিফর্ম পরা কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্সের সামনে বিক্ষোভ করেছেন পিটিআই সমর্থকরা।

শুধু দেশে নয়, বিদেশেও বিক্ষোভ করেছেন পিটিআই সমর্থকরা। লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে এবং আশপাশের সড়কে পিটিআই সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন বলে জানায় ডন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক টুইট বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বেসরকারি ও সরকারি সম্পত্তিতে অনুপ্রবেশ এবং ক্ষতিসাধনকারীদের ‘কঠোর হাতে’ দমন করা হবে। তিনি বলেন, “দুর্বৃত্ত ও গুণ্ডাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদের দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।”

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার পাকিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির টেলিযোগাযোগ কর্র্তৃপক্ষ। টুইটার, ফেসবুক ও ইউটিউবে প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। কোনো কোনো অঞ্চলে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় নেটব্লকস।

দেশটিতে আজ বুধবারের কেমব্রিজ ইন্টারন্যাশনাল, পিয়ারসন ইউনিভার্সিটি অব লন্ডন এবং আইইএলটিএসের সব পরীক্ষা বাতিল করেছে ব্রিটিশ কাউন্সিল।

এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের পর কড়া ভাষায় বার্তা দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারক আমির ফারুক। তিনি ইসলামাবাদ পুলিশের প্রধান, অ্যাটর্নি জেনারেল ও স্বরাষ্ট্র সচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তিনি সংযম দেখাচ্ছেন। সেই সঙ্গে এক প্রকার হুঁশিয়ারি বার্তায় বলেছেন, ইসলামাবাদ পুলিশের প্রধান আদালতে হাজির না হলে তিনি প্রধানমন্ত্রীকে তলব করবেন। ফারুক আরও বলেন, ‘আদালতে আসুন এবং বলুন কেন ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন মামলায় তিনি গ্রেপ্তার হলেন।’

গত বছর এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদের অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয় ইমরান খানকে। এরপর থেকে তিনি আগাম নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন। এর মধ্যে তার ওপর হামলারও ঘটনা ঘটে। হয় অসংখ্য মামলাও। সেসব মামলায় বিভিন্ন সময় ইমরানকে গ্রেপ্তারের চেষ্টাও হয়েছে। দলের নেতাকর্মী ও সমর্থদের প্রতিরোধের মুখে আগের সব কবারই গ্রেপ্তারের চেষ্টা ব্যর্থ হয়। তবে এবার জামিন নিতে গিয়ে অপ্রত্যাশিতভাবে আদালত চত্বর থেকেই গ্রেপ্তার করা হলো তাকে।

ডন জানিয়েছে, ইমরানকে আটক এবং আইনজীবীদের মারধরের অভিযোগ করে প্রথম টুইট করেন পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী। তিনি লেখেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইমরানের গাড়িবহরকে ঘিরে ধরেছিল। পিটিআইয়ের আরেক নেতা আজহার মাসওয়ানি অভিযোগ করেছেন, ইমরানকে আদালতের ভেতর থেকেই তুলে নেওয়া হয়। পিটিআই নেতা মোশাররাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেন, ‘তারা এখন ইমরান খানকে নির্যাতন করছে। তারা ইমরান সাহেবকে মারধর করছে। তারা খান সাহেবকে কিছু একটা করেছে।’ পিটিআইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ইমরানের আইনজীবীর ভিডিও প্রকাশ করে লিখেছে, আদালতের সামনে তিনি বাজেভাবে জখম হয়েছেন।

যদিও নির্যাতনের খবর অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, বর্তমানে ইমরান এনএবির হেফাজতে আছেন। বুধবার তাকে একটি দুর্নীতি দমন আদালতে উপস্থাপন করা হবে।

এদিকে পিটিআই নেতাদের বরাতে জিও নিউজ জানিয়েছে, দলের জ্যেষ্ঠ নেতারা জরুরি বৈঠকে বসেন। ইমরানের আগের সিদ্ধান্ত অনুযায়ী ছয় সদস্যের একটি কমিটি আগামীতে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত