ক্ষতিপূরণের মামলায় ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে তলব করেছে আদালত। আগামী ১৫ মে তাকে লিখিত জবাব দিতে আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. মাসুদুল হক এ আদেশ দেন। শাকিবের বিরুদ্ধে মানহানির অভিযোগ করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে প্রযোজক রহমত উল্লাহ গত ৩০ এপ্রিল এ মামলাটি করেন। আদালত মামলা গ্রহণ করে বাদীকে কোর্ট ফি দিতে আদেশ দেয়। গতকাল রহমত উল্লাহ এ মামলার সর্বোচ্চ কোর্ট ফি দেওয়ার পর আদালতের এ আদেশ আসে। গত ২৩ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ঢাকার সংশ্লিষ্ট আদালতে একটি মামলা করেন শাকিব খান।
×
