সংঘাত কবলিত সুদান থেকে আরও ৫৫৫ বাংলাদেশিকে ভাড়া করা প্লেনে (চারটি বিশেষ ফ্লাইটে) জেদ্দায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগরীয় সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের সুদান থেকে যে গতিতে নিয়ে আসবো ভেবেছিলাম সেটি হয়নি, দেরি হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত হয়েছে, আমরা আমাদের নিজেদের খরচে পোর্ট সুদান থেকে সেখানকার স্থানীয় চারটি চার্টার্ড ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্টে ৫৫৫ বাংলাদেশিদের নিয়ে যাওয়া হবে।
শাহরিয়ার আলম বলেন, আজকে তিনটি ফ্লাইট অপারেট করবে। বৃহস্পতিবার (১১ মে) আরেকটি ফ্লাইট অপারেট করবে জেদ্দা পর্যন্ত। জেদ্দা থেকে ঢাকা আনতে আমরা আমাদের বিমানের কর্মাশিয়াল ফ্লাইট উন্মুক্ত আছে। সেখানে আসন সংখ্যা একটু সীমাবদ্ধতা আছে বলে মনে হচ্ছে। এ কারণে আমরা বিমানের একটি বিশেষ ফ্লাইটেরও ব্যবস্থা করেছি।
বৃহস্পতিবার বা পরশুদিন নাগাদ এসব বাংলাদেশি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা করবে বলেও জানান প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম জানান, তারা সবাই নিরাপদে আছেন। আমরা খার্তুমের সিডিএকে প্রয়োজনীয় অর্থ পাঠিয়েছি। প্রয়োজনীয় রান্নার ব্যবস্থা করা হচ্ছে। থাকার কষ্ট হচ্ছে। তবে নরমালি কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।
গত সোমবার সংঘাতকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশি। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। দেশে ফেরাদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ প্রবাসী ছিলেন।
