রূপগঞ্জে বিস্ফোরণের ঘটনায় ৭ জনেরই মৃত্যু

আপডেট : ১১ মে ২০২৩, ০৫:০৮ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলের চুল্লিতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইব্রাহিম হাওলাদারও (৩৪) মারা গেছেন। এই নিয়ে ঘটনাটিতে দগ্ধ সাতজনের সবার মৃত্যু হলো। গতকাল বুধবার সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু এই তথ্য জানান।

ইব্রাহিমের ভায়রা ভাই মো. আল মামুন জানান, তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া গ্রামে। তার বাবার নাম মৃত মোকলেসুর রহমান হাওলাদার। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রূপগঞ্জের গাউছিয়া চুঙ্গিপাড়ায় থাকতেন।

গত ৪ মে বিকেল ৪টার দিকে রুপগঞ্জের গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল স্টিল মিলে’ লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন সাতজন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শংকর নামে একজন। আর বৃহস্পতিবার রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নিয়ন, দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর, মধ্য রাতে মারা যান রাব্বি। আর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান জুয়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত