আইসিসির চেয়ারম্যান হওয়ার পরই ‘তিন মোড়লের’ পাট চুকিয়ে দিয়েছিলেন শশাঙ্ক মনোহর। সব বোর্ডকে ‘সমান’ দৃষ্টিতে দেখতেই এমনটা করেছিলেন তিনি। এবার সামনে দেখা যেতে পারে ‘এক মোড়ল’, যেখানে আইসিসি থেকে আয়ের পালায় এককভাবে রাজত্ব করবে ভারত। ২০২৪-২৭ কমার্শিয়াল বর্ষের যে ফিনান্স মডেল তৈরি হয়েছে তাতে ৩৮.৫ শতাংশ পাবে ভারতীয় বোর্ড। আর্থিক মূল্য হিসেবে দাঁড়ায় ২৩১ মিলিয়ন ডলার। বাংলাদেশ পাচ্ছে ৪.৪৬ শতাংশ অর্থাৎ ২৬.৭৪ মিলিয়ন ডলার।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের এ সংবাদে এ হিসাব দেখিয়েছে। অর্থপ্রাপ্তির দিক থেকে তালিকায় ৮ নম্বরে থাকছে বিসিবি। বাংলাদেশের চেয়ে কম পাবে কেবল আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তানই। তবে নিউজিল্যান্ড, উইন্ডিজ ও শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও খুব বেশি পার্থক্য নেই বাংলাদেশের সঙ্গে।
আয়ের দিকে ভারতের পরই রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আইসিসির ৬.৮৯ শতাংশ অর্থাৎ ৪১.৩৩ মিলিয়ন ডলার পেতে চলেছে ইসিবি। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ৬.২৫ শতাংশ অর্থাৎ ৩৭.৫৩ মিলিয়ন ডলার পেতে যাচ্ছে তারা। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা পেতে চলেছে ৫.৭৫ শতাংশ অর্থাৎ ৩৪.৫১ মিলিয়ন ডলার। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ২.৮ শতাংশ অর্থাৎ ১৬.৮২ মিলিয়ন ডলার পাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আইসিসির ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে সংস্থাটির একটি বিশেষ দল এই কাঠামো তৈরি করছে। মার্চে আইসিসির বোর্ড সভায় কাঠামোটি তুলে ধরা হয়। মে’র প্রথম সপ্তাহের মধ্যেই মতামত জানানোর কথা সদস্য দেশগুলোকে বলা হয়েছিল। সেটি হয়ে গেলে ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটি তা পাঠাবে আইসিসি বোর্ডের অনুমোদনের জন্য। অনুমোদনের সম্ভাব্য সময় ধরে রাখা হয়েছে আগামী মাসে ডারবানে আইসিসির বোর্ড সভায়।
তবে সবকিছু এতটা মসৃণ নাও হতে পারে। ইএসপিএনক্রিকইনফো জানাচ্ছে, এই কাঠামোর অনেক কিছু নিয়েই অনেক প্রশ্ন আছে সদস্য দেশগুলোর। একটি যেমন পারফরম্যান্সের মানদণ্ড। ক্রিকেট ইতিহাস ও ঐতিহ্য, আইসিসি টুর্নামেন্টগুলোর পুরুষ ও নারীদের আসরে গত ১৬ বছরের পারফরম্যান্স, আইসিসির বাণিজ্যিক আয়ে অবদানকে বিবেচনা করা হয়েছে। অনেক বোর্ডের প্রশ্ন, গত ১৬ বছরই কেন বিবেচনায় নেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন আছে। তাদের চাওয়া, ১২ বছর বিবেচনায় নেওয়া। এছাড়া অন্যান্য মানদণ্ড ও কাঠামোর নানা হিসাব নিয়েও বোর্ডগুলোর প্রশ্ন আছে বলে জানিয়েছে এই ক্রিকেট ওয়েবসাইটটি।
