আরাভকে ফেরত আনা অসম্ভব কিছু না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ মে ২০২৩, ০৫:৩৪ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে, অন্যায় করেন, তাদের খুঁজে বের করে পুলিশ ধরবেই। এটা পুলিশের নিয়মিত কার্যক্রম। আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খানকে ফেরত আনা অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশ পারে না এমন কিছু নেই। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

এই সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফকরুল ইসলামসহ পুলিশের অন্য কর্মকর্তারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচন সামনে রেখে ধরপাকড় শুরু হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে, অন্যায় করেন, তাদের খুঁজে বের করে ধরবে এটা নিয়মিত কার্যক্রম। যাদের ধরা হচ্ছে যদি আপনারা দুই একজনের নাম বলেন তাহলে আমি বলে দিতে পারব তাদের বিরুদ্ধে কতগুলো পরোয়ানা ছিল। আমি লিস্টগুলো মাঝেমধ্যে  দেখি। আমি এমনও দেখেছি একেকজনের বিরুদ্ধে ২০/৩০টি করে মামলায় পরোয়ানা ইস্যু হয়ে রয়েছে। এসব বহু পুরনো ওয়ারেন্ট। তাদের বহুবার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা আদালতে গিয়ে সারেন্ডার করে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিন্তু তারা এ সব করেনি। এ সব ওয়ারেন্ট ধরে পুলিশ তামিল করছে। মির্জা ফখরুল সাহেব যেটা বলেছেন,  সেটা সত্য নয়। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, সুনির্দিষ্ট মামলা রয়েছে শুধু তাদের ধরা হচ্ছে।

নির্বাচন সামনে রেখে পুলিশকে সাজানো হচ্ছে, বদলি করা হচ্ছে এমন অভিযোগ আছে। এ ব্যাপারে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, আমাদের পুলিশ এখন অত্যন্ত দক্ষ, অত্যন্ত অভিজ্ঞ। পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। নির্বাচনের জন্য পুলিশকে সাজানো  গোছানোর প্রশ্নই আসে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত