সিরিজে এগিয়ে থাকার সুবিধাটা নিতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিংয়ে আলো ছড়িয়ে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিগার সুলতানা জ্যোতিরা হারল সেই ব্যাটিং বিভাগের ব্যর্থতায়। তাতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কার মেয়েরা। আজকের (শুক্রবার) তৃতীয় ম্যাচটি তাই ‘অঘোষিত’ ফাইনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
গতকাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সফরকারীদের টপ ও মিডল অর্ডারের কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। টস হেরে ব্যাট করে নেমে পুঁজিটাও তাই ১৮.৩ ওভারে ১০০ রানেই আটকে যায়। যা তাড়া করতে কোনো বেগই পেতে হয়নি চামারি আতাপাত্তুর দলের। ৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে লঙ্কান মেয়েরা।
ছোট্ট লক্ষ্য তাড়ায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক চামারি আতাপাত্তু। ২৭ বলে সর্বোচ্চ ৩৩ রান করেছেন তিনি। হার্শিথা সামারাবিক্রমা খেলেন অপরাজিত ২৯ রানের ইনিংস। কাভিশা দিলহারির ব্যাট থেকে আসে অপরাজিত ২০ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে সর্বাধিক ১৬ রান খরচায় সর্বাধিক ২ নেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।
এর আগে লঙ্কান বোলাররা সম্মিলিত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটারদের বেঁধে রাখেন। ৫ রানে ২ উইকেট হারিয়ে ধাক্কা খাওয়ার পর নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। সর্বোচ্চ ১৮ রান করে আসে ওপেনার শারমিন সুলতানা ও তিনে নামা সুবহানা মোস্তারির ব্যাট থেকে। এ ছাড়া রুবাইয়া হায়দার ১৬ ও মুর্শিদা খাতুন ১৪ রান করেন। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
আগের ম্যাচে ৫১ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন জ্যোতি। তাতেই বাংলাদেশ টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছিল। কিন্তু এদিন জ্যোতি মাত্র ৭ রান করেছেন। ব্যাটে বলে আলো ছড়িয়ে কাভিশা হয়েছেন ম্যাচসেরা।
