সিরিজ হারল মেয়েরা

আপডেট : ১২ মে ২০২৩, ০৫:১৭ পিএম

আবারও ব্যাটিংটাই কাল হলো বাংলাদেশের মেয়েদের। সিরিজ নির্ধারণি টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মেয়েদের সঙ্গে পেরে উঠল না নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ম্যাচে হারের পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করল স্বাগতিকরা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার ৪৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১১৪ রানে থামে সফরকারীদের ইনিংস।

যদিও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা বেশ আশা জাগানিয়া ছিল বাংলাদেশের মেয়েদের। ১৪৫ রান তাড়া করে প্রথম ম্যাচ জিতে এগিয়ে যায় সিরিজে। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল সেটি।

কিন্তু এরপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হারে মেয়েরা। এদিনও একই পরিণতি।

এর আগে দুই দলের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। তৃতীয় ওয়ানডে জিতে শ্রীলঙ্কা।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় ১৬ রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান। এরপর সপ্তম ওভারে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে ৩২ রানে বিদায় করেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার।

দশম ওভারের প্রথম বলে স্বাগতিকদের তৃতীয় উইকেটের পতন ঘটান আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন। ৫৬ রানে ৩ ব্যাটারকে শিকার করে লঙ্কানদের উপর চাপ সৃষ্টি করে বাংলাদেশের বোলাররা।

তবে চতুর্থ উইকেটে বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন হর্ষিতা সামারাবিক্রমা ও নিলাক্ষী ডি সিলভা। ৬৫ বলে ১০২ রান যোগ করেন তারা। সামারাবিক্রমা ও ডি সিলভার জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৬টি চারে ৪২ বলে অপরাজিত ৫১ রান করেন সামারাবিক্রমা। ৪টি করে চার-ছক্কায় ৩৯ বলে অনবদ্য ৬৩ রান করেন ডি সিলভা। বাংলাদেশের রাবেয়া-নাহিদা ও ফাহিমা ১টি করে উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ওভারেই ওপেনার রুবিয়া হায়দারকে হারায় বাংলাদেশ। খালি হাতে ফিরেন তিনি। দ্বিতীয় উইকেটে ২৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ফারজানা হক ও সোবহানা মোস্তারি। ৫০ রানের মধ্যে বিদায় নেন তারা। ফারজানা ১০ ও মোস্তারি ২টি করে চার-ছক্কায় ২৫ বলে ৩০ রান করেন।

চতুর্থ উইকেটে অধিনায়ক নিগার সুলতানা ও মুরশিদা খাতুন ৩৩ রান যোগ করলেও বাংলাদেশের আস্কিং রেট ততক্ষণে ১২ ছাড়িয়ে যায়। ২টি চারে ৩৩ বলে ৩১ রানে থামেন নিগার। শেষ ৫ ওভারে দ্রুত রান তোলার প্রয়োজন পড়লেও সেটি করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। শেষদিকে রিতু মনি ১১ ও মুরশিদা ৮ রান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত