ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। গ্রীষ্মমন্ডলীয় সাইক্লোন মোখা আঘাত হানতে পারে বাংলাদেশের টেকনাফ-পটুয়াখালী অঞ্চলের উপকূলে, যার প্রভাবে বৃষ্টিপাত এবং বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে ঢাকায়ও। ঢাকা প্রিমিয়ার লিগের সূচি প্রণয়নের সময় বৃষ্টির কথা মাথায় রেখে সুপার লিগে এক দিন করে রিজার্ভ ডে রাখলেও ঘূর্ণিঝড় এলে কী হবে সেই বিকল্প রাখা হয়নি! শনি ও রবিবার বৃষ্টির জোরালো সম্ভাবনা, এর মাঝেই চলবে আবাহনী লিমিটেড এবং শেখ জামালের শিরোপা নির্ধারণী ম্যাচ। ভাগ্য সুপ্রসন্ন থাকলে প্রকৃতির বিরুদ্ধে জিতেও যেতে পারে দুই দলের একটি।
১৫ রাউন্ডের খেলা শেষে ঢাকা লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দলের পয়েন্ট সমান, ২৬। শেখ কামালের প্রতিষ্ঠা করা আবাহনী আর তারই ছোট ভাই শেখ জামালের নামের ক্লাব, দুই দলই শিরোপার জোর দাবিদার। দুই দলই জিতেছে ১৩টি করে ম্যাচ, হেরেছে ২ ম্যাচে। লিগের শেষ রাউন্ডে আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। ফতুল্লায় খেলবে প্রাইম ব্যাংক ও গ্রাজী গ্রুপ, বিকেএসপিতে মুখোমুখি হবে লেজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং।
আবাহনী এবং শেখ জামালের গ্রুপ পর্বের দেখায় জিতেছিল শেখ জামাল। তাওহীদ হৃদয়ের ব্যাটে সেই ম্যাচটা জিতেছিল শেখ জামাল, হৃদয় এখন জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে। এ নিয়ে অবশ্য বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক নুরুল হাসান সোহানের খুব একটা আক্ষেপ নেই, ‘আমাদের মাঝপথে তাওহীদ হৃদয়, মৃত্যুঞ্জয়, এবাদত চলে গেছে। কিন্তু সব সময়ই এটা আমরা জানতাম জাতীয় দলের ডাক এলে আরও বেশি যেতে পারত। এটা আমরা তেমন মাথায় নেই। অবশ্যই তাদের জায়গাটা অন্য কেউ পূরণ করার জন্য যে যেখান থেকে পারে, ওই চেষ্টাটা সবাই করছে। ওই জিনিসটাই আমরা চেষ্টা করেছি দলের যে ঘাটতি আছে, ওটা যেন যারা খেলছে, তারা যেন পূরণ করতে পারি।’
সবশেষ তিন ইনিংসে হাফসেঞ্চুরি আছে সোহানের। ব্যাটিংয়ে ফর্মটা সঠিক সময়ে পেলেন কি না জানতে চাইলে বলেছেন, ‘প্রথম রাউন্ডে আমি একটু নিচের দিকে ব্যাট করছিলাম। যেহেতু হৃদয়রাও ছিল, আমাদের টপ অর্ডাররা প্রথম থেকে রান করছিল। সুপার লিগটায় ওপরে ব্যাট করেছি, আলহামদুলিল্লাহ দলের জন্য অবদান রাখতে পেরেছি। আশা থাকবে শেষ ম্যাচটা যেন এভাবে শেষ করতে পারি।’ আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের চাপ নিয়ে সোহানের মন্তব্য, ‘চাপ আসলে নেওয়ার কিছু নেই। যেটা আপনারা বললেন যে আমরা হয়তো খাতা-কলমে খুব ভালো একটা দল ওভাবে ছিলাম না, কিন্তু আল্টিমেটলি সবাই ভালো করছে। আমরা যে প্রসেসটা ফলো করে এসেছি, এটাই ফলো করার চেষ্টা করব। যে যেখানে যেভাবে পারফর্ম করার চিন্তা করছে, যেটা বললাম ইন্ডিভিজ্যুয়াল চিন্তা না করে দলের চিন্তা করা। আপনি যদি পুরো টুর্নামেন্ট দেখেন, কারও একার জন্য কিন্তু দল এখানে আসেনি। সবারই কিছু না কিছু অবদান আছে। যার যেদিন লাগতেছে, অবদানটা করতেছে। ওই জিনিসটাই শেষ ম্যাচে করার চেষ্টা করব।’
জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে হয়েছে আবাহনীকেও। নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের ছেড়ে দিলেও দলে বেশ কজন ভালো ব্যাটসম্যান আছেন। এই মৌসুমে সর্বোচ্চ রান করা সুই ব্যাটসম্যান এনামুল হক ও নাঈম শেখ দুজনই আবাহনীর হয়ে খেলছেন। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেনও আছেন বেশ ছন্দে। শেষ ম্যাচটা জিতে শিরোপা আরও একবার ঘরে তোলার আশা মোসাদ্দেকের, ‘আমি যখন থেকে আবাহনীতে খেলছি, আমি এটা দেখে আসছি যে শেখ জামালের সঙ্গে আমাদের এমন হইছে যে ওরা একটা জিতছে, আমরা একটা জিতছি। এটাকে আমি লাকিটার্ম হিসেবে দেখতে পারি যে যেহেতু আমরা গ্রুপ পর্বে প্রথম ম্যাচ হেরেছি। এটা আমাদের একটা অনুপ্রেরণা যে এর আগের বছর থেকে, ওদের সঙ্গে দ্বিতীয় ম্যাচটা আমরা বেশির ভাগ সময় জিতেছি। দল হিসেবে আমরা খুব ভালো খেলতেছি এবং আমার দলের প্রতি ওই বিশ্বাসটা আছে যে সবাই যে এফোর্ট ও সাপোর্টটা এত দিন দিয়ে আসছে, আশা করি সেটা দেবে।’
বৃষ্টিতে খেলা পন্ড হলে নিয়ম অনুযায়ী শিরোপা যাবে শেখ জামালে। খেলা না হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক হবে মনে করছেন মোসাদ্দেক, ‘আবহওয়ার কারণে যদি ম্যাচই না হয়, ওরা যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে আমি বলব আমরা আনলাকি। কারোর হাতই নেই এটার ওপর। অবশ্যই রিজার্ভ ডে একটা ব্যাপার আছে, সো এক দিন তো সময় অবশ্য হাতে আছে। এখন দেখা যাকৃ।’
মোসাদ্দেক আশা করছেন, ব্যাটসম্যানরা বড় স্কোর করবেন, তাতেই গড়ে উঠবে আবাহনীর জয় এনে দেওয়া শিরোপার ভিত, ‘এমন ভালো উইকেটগুলোতে ৩০০, ৩০০+ রান করতে না পারেন, তাহলে বোলারদের জন্য খুবই কঠিন হয়ে যায়। আমি মনে করি আমাদের বোলিং ইউনিট মাশাল্লাহ খুবই ভালো এবং কঠিন সময়ের পরও তারা খুব ভালোভাবে ফিরে আসবে। অবশ্যই শেখ জামাল খুব ভালো একটা প্রতিদ্বন্দ্বী যারা ওই ক্ষমতা রাখে যেকোনো দলকে টুর্নামেন্টে হারানোর জন্য। তাদের সোহান, পারভেজ রাসুল, আরিফ দুর্দান্ত খেলছে এখন পর্যন্ত এবং টপ অর্ডারে সাইফ, সৈকত, (ফজলে) রাব্বি এ কয়জন তাদের মূল খেলোয়াড় যারা রোলটা প্লে করে আসতেছে। পুরো টুর্নামেন্ট ধরে তারা ভালো খেলতেছে। আমাদের ওই বিষয়গুলোতে খেয়াল থাকবে, চেষ্টা করব শতভাগ শটটা মাঠের মধ্যে দেওয়ার।’
