আজ মাঠে ফিরছেন মেসি

আপডেট : ১৩ মে ২০২৩, ০২:২১ এএম

আজ ফ্রেঞ্চ লিগে পিএসজি খেলবে অ্যাজাসিওর বিপক্ষে। এই ম্যাচ দিয়েই আবারও পিএসজির হয়ে মাঠে ফিরবেন মেসি। পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে নিশ্চিত করেছেন আজ খেলবেন মেসি। এদিকে লা লিগা সভাপতি বলছেন, বুসকেটস ক্লাব ছাড়ায় মেসির বার্সায় ফেরার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।

সৌদি আরবের পর্যটনদূত মেসি। লরিয়েঁর বিপক্ষে ম্যাচের পর অনুমতি না নিয়েই মেসি পরিবারসহ গিয়েছিলেন সৌদি আরবে। সেই ঘটনায় পিএসজিতে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বিশ^কাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। তবে ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছিলেন তিনি। এরপর গেল সোমবার পিএসজির অনুশীলনে ফেরেন মেসি।

গত মাসে মেসি লরিয়েঁর বিপক্ষে খেললেও সেদিন তার দল হেরেছিল ৩-১ গোলে। ৭ মে ত্রয়েসের বিপক্ষে ম্যাচের সময় নিষেধাজ্ঞায় ছিলেন মেসি। আজ মেসি মাঠে ফিরলেও তাতে থাকবে বিদায়ের সুরÑ এমনটি ভাবছেন অনেকে। এরপর পিএসজি লিগে মৌসুমের শেষ হোম ম্যাচ খেলবে ৩ জুন।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মেসির বিষয়ে গালতিয়ে বলেন, ‘হ্যাঁ, মেসি খেলবে। সে ফিরে আসার পর তার সঙ্গে কথা হয়েছে। তাকে শান্তও দেখেছি। লিগ জয়ের জন্য মুখিয়ে আছে সে।’ মেসির পারফরম্যান্স নিয়ে গালতিয়ে বলেন, ‘মেসি মেসিই। আমি এই মৌসুমে তার গুরুত্বপূর্ণ পরিসংখ্যান নিয়ে কথা বলতে চাই না। সে যখন মাঠে থাকে কিছু বিষয় মানিয়ে নিতে হবে। আমি তার সঙ্গে সপ্তাহের শুরুতে কথা বলেছি। সে লিগ জিততে চায়।’ পিএসজি ৩৪ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে। আজ ম্যাচ জিতলে চ্যাম্পিয়নের পথে আরও একধাপ এগিয়ে যাবেন কিলিয়ান এমবাপ্পে-মেসিরা।

মেসি মৌসুম শেষে প্যারিসের ক্লাবটিতে থাকবেন না, সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি। বার্সেলোনায় ফিরতে পারেন তিনি। তবে মেসির বার্সায় ফেরা নিয়ে আছে অনিশ্চয়তা। লা লিগার নিয়মে, উচ্চ বেতনের মেসিকে দলে টানতে অবশ্যই তাদের বর্তমান স্কোয়াডের অন্তত দু-একজন খেলোয়াড়কে ছাড়তে হবে। এমনটা বলেছিলেন খোদ লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। বুসকেটস মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন। লা লিগা সভাপতি মনে করছেন, বুসকেটসের যাওয়ায় মেসির ফেরার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত