আগামীকাল ৫ বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ১৩ মে ২০২৩, ০২:৪৪ এএম

ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচ শিক্ষা বোর্ডের চলমান এসএসসি ও সমমান পরীক্ষার আগামীকাল রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

পরীক্ষা স্থগিত হওয়া ৫টি শিক্ষা বোর্ডের মধ্যে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্যান্য বোর্ডের এদিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

পাঁচ শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া আগামীকালের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও স্থগিত : ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল রবিবার অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত