আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় পিটিআই প্রধানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত।
জামিনে মুক্তি পেয়ে শনিবার ভোররাতে লাহোরের জামান পার্কের বাসভবনে ফিরেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।
এদিকে শুক্রবার জামিন পাওয়ার পর তাকে ফের গ্রেপ্তার করা হতে পারে আশঙ্কায় প্রায় ১১ ঘণ্টা আদালতের ভেতরেই অবস্থান করেন তিনি। পরে গভীর রাতে লাহোরের পথে রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেন।
মুক্তি পেয়ে সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, লাহোরের উদ্দেশ্যে রওয়ানা দিতে গেলে বিপদের কথা বলে তাকে বাঁধা দেয়ার চেষ্টা করেন ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির। তিন ঘণ্টা অপেক্ষা করান তাকে।
কিন্তু ইমরান খান প্রতিবাদের হুমকি দিলে আদালত ভবন ছাড়ার অনুমতি দেন আকবর নাসির।
ইসলামাবাদ হাইকোর্টের পৃথক বেঞ্চ পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী ১৭ মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না ইমরান খানকে। পাশাপাশি তোষাখানা মামলার বিচার জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত স্থগিত করেছে। এতে করে বড় ধরণের স্বস্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।
গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। তার গ্রেপ্তার ঘিরে দেশটিতে শুরু হয় চরম উত্তেজনা ও সংঘর্ষ।
