তিনজনকে জরিমানা, দুই মোটরসাইকেল জব্দ

আপডেট : ১৪ মে ২০২৩, ০৩:১৬ এএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে তিনজনকে এক লাখ টাকা জরিমানা, দুটি মোটরসাইকেল জব্দ ও এক মোটরসাইকেল আরোহীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর পুবাইল ভাদুন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে নির্বাচনে আচরণবিধি-সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ জরিমানা আদায় করেন। জরিমানা দেওয়া ওই তিন সমর্থকের মধ্যে দুজনকে ৩০ হাজার টাকা করে একজনকে ৪০ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়। তারা তিনটি পৃথক প্রাইভেট কারের ভেতরে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ ও একটি মোটরসাইকেলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা দেওয়া ওই তিনজন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের টেবিল ঘড়ি প্রতীকের সমর্থক বলে জানা গেছে।

গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে কয়েক শ মোটরসাইকেল শোভাযাত্রাসহ স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচনে আচরণবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে মহানগরীর পুবাইল কলেজগেট এলাকায় ভাদুন রাস্তার মোড়ে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িবহরকে থামানো হয়। তাদের বহনকারী গাড়ির সামনে ও পেছনে কয়েক শ মোটরসাইকেল ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত