গ্যাস দাবিতে চুলা পানির দাবিতে কলস মিছিল

আপডেট : ১৪ মে ২০২৩, ০৩:১৮ এএম

নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে চুলা ও পানি সংকট নিরসনের দাবিতে কলস মিছিল করেছে নগরবাসী। এদিকে বিদ্যুতের লোডশেডিং অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শুক্রবার স্থানীয় এই বিক্ষোভ মিছিল বের করে।

গ্যাস সংকট সমাধানের দাবিতে নতুনধারা নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে চুলা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গ্যাসের দাবিতে চুলা হাতে নিয়ে মানববন্ধন করেছে নতুন ধারা বাংলাদেশ নামে একটি সংগঠন।

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের অন্তত ২০টি এলাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। চলমান তাপপ্রবাহের মধে পানি সংকট দূর করতে কলস নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় শতাধিক নারী-পুরুষ। চৌরাপাড়া পাম্প বিকল হওয়ায় দেউলী চৌরাপাড়া, আমিরাবাদ, বক্তারকান্দি, কাইতাখালী, নোয়াদ্দা, পাতাকাটা, দাসেরগাঁ ও লক্ষ্মণখোলা এলাকার বাসিন্দাদের প্রচ- ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরদিকে ২২ নম্বর ওয়ার্ডের খানবাড়ী, বাজবাড়ী, আমিন আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় তীব্র পানি সংকট চলছে।

নবীগঞ্জ চৌরাপাড়া পাম্পটি একেবারে বিকল হয়ে গেছে বলে জানান সিটি করপোরেশনের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, নতুন পাম্প স্থাপন করা ছাড়া কোনো উপায় নেই। গ্যাস সংকট বিষয়ে জানতে চাষাঢ়া তিতাস অফিসে একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত