৬ বোর্ডের দুদিনের এসএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ১৪ মে ২০২৩, ০৩:৫১ এএম

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে ৬ শিক্ষা বোর্ডের আজ রবিবার ও আগামীকাল সোমবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত শুক্রবার আরেক বিজ্ঞপ্তিতে শুধু রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন সেটা বাড়িয়ে রবি ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হলো।

অপরদিকে শিক্ষা মন্ত্রণালয় দেশের চার শিক্ষা বোর্ডের অধীনে সব স্কুল-কলেজ বন্ধ রাখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরকে চিঠি দিয়েছে। ওই সব এলাকার বিশ^বিদ্যালয়গুলোও বন্ধ রাখতে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও (ইউজিসি) চিঠি দিয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট জেলাগুলোতে আজ প্রাথমিক বিদ্যালয়গুলোও বন্ধ থাকবে বলে এক নির্দেশনায় জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

এ ছাড়া ঘূর্ণিঝড় মোখার কারণে আজ রবিবার জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীন সারা দেশের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসএসসি পরীক্ষা স্থগিতের ব্যাপারে আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে আজ রবিবার ও আগামীকাল সোমবারের অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই শিক্ষা বোর্ড ছাড়া বাকি বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

আজ বন্ধ থাকবে ৪ শিক্ষা বোর্ডের স্কুল-কলেজ : দেশের ৪টি শিক্ষা বোর্ডের আওতাধীন সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আজ রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ^বিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম রবিবার বন্ধ থাকবে। এ অবস্থায় ৪টি বোর্ডের আওতাধীন জেলাগুলোতে মাউশি অধিদপ্তর ও ইউজিসির নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রবিবার বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত