অস্ত্র আইনের পৃথক দুটি ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বাসু দাশ (৩৫) নামে এক আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ (চতুর্থ আদালত)।
গতকাল রবিবার দুপুরে এ রায় দেয়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. নোমান চৌধুরী জানান, আসামি বাসু দাশকে অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। উভয় দণ্ড একত্রে চলবে।
দণ্ডপ্রাপ্ত বাসু দাশ (৩৫) বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি। তিনি নগরের উত্তর কাট্টলি বাংলাবাজার এলাকার বাবুল ডাক্তার বাড়ির বাবুল দাশের ছেলে। ২০১২ সালের ১৫ আগস্ট নগরের উত্তর কাট্টলী সেবাকোলা মন্দির এলাকা থেকে একটি এলজিসহ তাকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা-পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা অস্ত্র আইনে মামলা হয়।
তদন্ত শেষে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন পাহাড়তলী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রাজিব দাশ। ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। গত ১৪ এপ্রিল মামলার যুক্তিতর্ক শেষ হয়। রাষ্ট্রপক্ষে সাতজন সাক্ষ্য দেন।
