ভারতীয় বিমান সংস্থা ভিসতারা এয়ারলাইনসের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে ঢাকায়। গত রবিবার রাতে রাজধানীর হোটেল র্যাডিসনে ‘ভিসতারা নাইট’ নামে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাভিয়েশন খাতে আরও সম্প্রসারিত বাণিজ্যিক কর্মসূচি ঘোষণা দিয়েছে এয়ারলাইনসটির স্থানীয় জিএসএ মাস ট্রাভেলস ট্যুরের স্বত্বাধিকারী কোম্পানি রিদম গ্রুপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মোকাম্মেল হোসেন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, ভিসতারা টাটা সিঙ্গাপুর এয়ারলাইনসের কান্নান, ভাইস প্রেসিডেন্ট কায়জাদ পোস্তাওয়ালা, সিসিও দীপক রাজাওয়াত, সিইও ভিসতারা টাটার কায়জার, কান্ট্রি ম্যানেজার মরগ্যান, রিদম গ্রুপ চেয়ারম্যান আলী আমজাদ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, ডিএমডি আবির হোসাইনসহ কয়েকটি দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা ভিসতারা ফ্লাইটের সময়সূচি, যাত্রীসেবা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, এটি শুধু দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনাকেই প্রসারিত করবে না, ভ্রাতৃপ্রতিম দুই দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শানিত ও সমৃদ্ধ করবে। এ সময় ভিসতারায় ভ্রমণকারী শীর্ষ ১০ যাত্রী, ৫টি কার্গো ব্যবহারকারী ও ২৫টি ট্রাভেলস এজেন্টসকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে অতিথিরা ভিসতারার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
