হঠাৎ যেন উধাও হয়ে গিয়েছিলেন অর্জুন টেন্ডুলকার! গত মাসে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয় তার। টানা চারটা ম্যাচ খেলেন। এরপর থেকে দৃশ্যপটের বাইরে।
মুম্বাইয়ের টানা পাঁচ ম্যাচে নেই অর্জুন। সবচেয়ে বড় কথা শচীনপুত্র অর্জুনকে নিয়ে সব আলোচনাও যেন থেমে গিয়েছিল। আসলে কি হলেছিল অর্জুনের?
মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচের আগে ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন অর্জুন। কেন উধাও হয়ে গিয়েছিলেন, সেই কৌতূহলও মিটিয়েছেন।
গত ১৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলে অভিষেক হয়েছিল অর্জুনের। দুদিন পর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলে প্রথম উইকেটের স্বাদ পান। এরপর পাঞ্জাব কিংস ও গুরজাটের বিপক্ষেও উইকেট পাওয়ার ধারা ধরে রাখেন তিনি। চার ম্যাচ খেলে নিয়েছেন ৩ উইকেট।
কিন্তু ২৫ এপ্রিল গুজরাটের বিপক্ষে ম্যাচের পর তার রোহিত শর্মার দলের সঙ্গে দেখা যাচ্ছিল না অর্জুনকে। এরপরই শুরু হয় নানা জল্পনা। শচীন-পুত্রকে প্রতিযোগিতার মাঝ পথেই ছেঁটে ফেলেছে মুম্বাই, এমন গুঞ্জনও শুরু হয়। যদিও শচীনকে মুম্বাইয়ের সঙ্গে স্বাভাবিক মেজাজেই দেখা যাচ্ছিল।
অর্জুন ফের মুম্বাইয়ে যোগ দেওয়ায় সব জল্পনা দূর হয়েছে। এদিকে লখনউ ফ্র্যাঞ্চাইজি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, অর্জুনকে স্বাগত জানাচ্ছেন লখনউয়ে ক্রিকেটাররা।
এই কদিন তাকে কেন দেখা যায়নি, তা জিজ্ঞেস করেন লখনউয়ের ক্রিকেটাররা। সে সময় অর্জুন জানিয়েছেন আসল কারণ। বাঁ-হাত দেখিয়ে জানিয়েছেন, কুকুরের কামড়ানোর কথা। যে কারণে কয়েক দিন বিশ্রাম নিতে হয়েছে তাকে। অবশ্য লখনউয়ের বিপক্ষে অর্জুন খেলবেন কিনা তা চূড়ান্ত নয়।
মুম্বাই এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লখনউ ঠিক তাদের পরের স্থানেই।
