সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগে বিজিবি মানুষের পাশে থাকবে

আপডেট : ১৬ মে ২০২৩, ০৬:১৬ পিএম

সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের যেকোোন দুর্যোগে বিজিবির সদস্যরা মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

মঙ্গলবার সকালে কক্সবাজারে ঘূর্ণিঝড় মোখায় বিধ্বস্ত সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপৎসংকেত ঘোষণার পর থেকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় বিজিবির সদস্যরা মাইকিং করে প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে আগাম বার্তা পৌঁছে দিয়েছেন। এ ছাড়া দুর্যোগকবলিত এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে তারা (বিজিবির সদস্য) প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।

পাশাপাশি ঘূর্ণিঝড়পরবর্তী সময়েও বিজিবির সদস্যরা ত্রাণসহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, বলেন বিজিবি মহাপরিচালক।

মঙ্গলবার সকাল ১০টায় বিশেষ হেলিকপ্টারযোগে বিজিবির মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান। এরপর তিনি বিজিবির সেন্টমার্টিন বিওপি পরিদর্শনে যান। সেখানে বিজিবির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তীতে বিজিবির সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ধন্যবাদ জানিয়েছেন। পরে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি দ্বীপের ক্ষতিগ্রস্ত ৮০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ শেষে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলেন।

এ সময় বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, বিভিন্ন সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত