অ্যাশেজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড। একমাত্র টেস্টের জন্য শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে দেশটি। তবে চোটের কারণে নেই জোফরা আর্চার। ইংলিশ গ্রীষ্মের এ মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি। অন্যদিকে দলে ফিরেছেন জনি বেয়ারস্টো।
কনুই এবং পিঠের চোটের জন্য দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন আর্চার। গত জানুয়ারিতে তিনি জাতীয় দলে ফিরেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চলতি আইপিএলেও মাঠে নামতে দেখা যায় তাকে। কিন্তু কনুইয়ের চোট ফের তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে।
এদিকে ৩৩ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টো গত বছর সেপ্টেম্বরে গলফ খেলতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। তার পায়ে গুরুতর চোট লাগে। একাধিক হাড় ভাঙে। অস্ত্রোপচার করানোর পরে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় ছিলেন জনি। চোটের জন্য তিনি গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান। মাঠে নামতে পারেননি পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও। অবশেষে গত মাসেই মাঠে ফেরেন তিনি।
বেয়ারস্টো দলে ফেরায় বাদ পড়েন উইকেটকিপার-ব্যাটার বেন ফোকস। কুঁচকিতে চোট থাকা সত্ত্বেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচটির জন্য ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন জেমস অ্যান্ডারসন।
আগামী ১ জুন থেকে লর্ডসে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার চার দিনের টেস্ট ম্যাচ। অ্যাশেজ সিরিজের আগে এটিই ব্রিটিশদের শেষ প্রস্তুতি মঞ্চ হতে যাচ্ছে।
আগামী ১৬ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাসেজ সিরিজ।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড টেস্ট দল:
বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, অলি রবিনসন, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড।
