দেশ রূপান্তরের সাংবাদিকদের দুই দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ

আপডেট : ১৭ মে ২০২৩, ০১:১৩ পিএম

দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিকদের নিয়ে 'জনস্বার্থ বিষয়ক সাংবাদিকতা এবং জবাবদিহিতা' শীর্ষক দুই দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) সহায়তায় এ প্রশিক্ষণে ঢাকার বাইরের ১৭ জন ও ঢাকার ৩ জন সাংবাদিক অংশ নেন। রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তরের প্রধান কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (১৫ মে) সকাল ৯টায় দেশ রূপান্তর ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুনের স্বাগত বক্তব্য ও এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের প্রশিক্ষণ-পূর্ববর্তী ধারণা যাচাইয়ের মাধ্যমে প্রশিক্ষণ শুরু হয়।

দুই দিনের এই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সিনিয়র সাংবাদিক ও প্রশিক্ষক তৌহিদুর রহমান, ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্প ডেস্কের হেড অব ক্যাপাসিটি বিল্ডিং বদরুদ্দোজা বাবু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার কাজী ফররুখ আহমেদ, অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক শিবব্রত বর্মণ এবং মোহাম্মদ আশরাফুল হক। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন আশরাফুল হক।

প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের বার্তা সম্পাদক মো. শাহ আলম বাবুল, মফস্বল সম্পাদক নিয়াজ আহমদ, যুগ্ম বার্তা সম্পাদক জুয়েল মুস্তাফিজ, অনলাইন ইনচার্জ আনিসুর বুলবুল ও বিশেষ প্রতিনিধি আশরাফুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত