আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরীকে প্রকৃতির শুভ শক্তি ও গবেষণায় আলোকবর্তিকা হিসেবে অভিহিত করেছেন দেশ-বিদেশের চিকিৎসা বিজ্ঞানী ও বিশিষ্টজনেরা। তারা বলেছেন, ‘অবহেলিত অনেক রোগের বিষয়ে ড. কাদরী আমাদের সতর্ক করেছেন। তিনি না থাকলে এ রোগগুলো উপেক্ষিতই থেকে যেত।’
গতকাল বুধবার রাজধানীতে গবেষণা ও প্রশিক্ষণে অসামান্য অবদানের জন্য ড. ফিরদৌসী কাদরীর স্বাধীনতা পদক-২০২৩ অর্জন উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মহাখালীতে আইসিডিডিআর,বি’র সাসাকাওয়া মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. ফিরদৌসী কাদরীর হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. মো. আনোয়ার হোসেন হাওলাদার এবং বাংলাদেশে অবস্থিত কানাডা হাইকমিশনের হেড অব ডেভেলপমেন্ট জো গুডিংস উপস্থিত ছিলেন।
